ক্ষুদ্র জাতিসত্ত্বার মানুষদের সমস্যার কথা শুনলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামের কোল ক্ষুদ্র জাতিসত্ত্বার মানুষদের নানা সমস্যার কথা শুনলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান। এসময় তিনি তাঁদের সমস্যার সমাধানসহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দেন। শুক্রবার বিকেলে বাবুডাইং আলোর পাঠশালা মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন। এসময় তিনি বিদ্যালয়ের নানা সমস্যার কথা শুনে সহযোগিতার আশ^াস দেন।
বিকেল সাড়ে পাঁচটায় তিনি বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনিসহ আগত অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়। এরপর বিদ্যালয়ের মিলনায়তনে গ্রামবাসীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। এসময় তিনি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
গ্রামের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বক্তব্য দেন গ্রাম্য মোড়ল মাধব কোল সরেন, চানু হাঁসদা, রুমালি হাঁসদা, হরেন মুরমু। এসময় তাঁরা গ্রামের রাস্তাঘাটসহ উপজেলা সদরের সঙ্গে রাস্তা সংযুক্তকরণ, শ্মশানের প্রাচীর নির্মাণ, গ্রামের খাস পুকুরগুলো ক্ষুদ্র জাতিসত্ত্বার মানুষদের নামে লিজ, মন্দির সংষ্কার, গ্রাম থেকে মাদক দূর করার দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান বলেন, আমি জনগণের রায়ে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হবার পর থেকে আমি কোন দলের না, আপনাদের সংসদ সদস্য। সকল ধর্ম, বর্ণ, গোত্রের মানুষদের সদস্য। মানুষে বলে, জামায়াত নাকি হিন্দু বা আদিবাসীদের পছন্দ করে না। তা ভুল। দেখেন আমি আপনাদের কাছে এসেছি। আপনাদের খোঁজ নিলাম। আপনাদের সমস্যার কথা শুনলাম, দাবি শুনলাম। গ্রামের রাস্তা, উপজেলা সদরের সাথে সংযোগ সড়ক নির্মাণ, গ্রামের শ্মশান সংস্কার, মন্দিরের সংস্কার, গ্রামের পুকুরগুলো আপনাদের বা গ্রামের নামে লিজ প্রদানের ব্যবস্থা ধাপে ধাপে করার চেষ্টা করবো। তবে আপনাদের সমস্যা নিয়ে বসে থাকলে চলবে না। আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। যথাযথভাবে আবেদন করবেন। বাবুডাইং আলোর পাঠশালার যেসব সমস্যা আছে বা উন্নয়নের জন্য যা যা করা দরকার তা যথাযথ আবেদনের প্রেক্ষিতে পূরণ করার চেষ্টা করবো। আপনাদের জন্য সার্বিক চেষ্টা চালিয়ে যাব।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. ওবায়দুল্লাহ, গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমীর নুমায়ূন আলী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী, মোহনপুর ইউনিয়ন সাপতি জয়নাল আলী।