স্বপ্ন, সম্ভাবনা ও নতুন অধ্যায়ের সূচনা: রুয়েটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত

RUET's freshmen for the 2025-26 academic year
রুয়েট প্রতিনিধি ০৯ মে ২০২৬ ১২:৫২ অপরাহ্ন সারা বাংলা
রুয়েট প্রতিনিধি ০৯ মে ২০২৬ ১২:৫২ অপরাহ্ন
স্বপ্ন, সম্ভাবনা ও নতুন অধ্যায়ের সূচনা: রুয়েটে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ ও দিকনির্দেশনা প্রদান উপলক্ষে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দিনব্যাপী তিন ধাপে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের নবাগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সকাল ৮টা ৩০ মিনিটে পুরকৌশল অনুষদ, সকাল ৯টা ৫০ মিনিটে তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদ এবং সকাল ১১টা ১০ মিনিটে যন্ত্রকৌশল অনুষদের শিক্ষার্থীদের নিয়ে পৃথক পরিজ্ঞান সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক বলেন, “রুয়েট একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। এখানকার শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিচ্ছে। আমি আশা করি, নবীন শিক্ষার্থীরা একাডেমিক উৎকর্ষের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নেতৃত্বগুণে নিজেদের সমৃদ্ধ করবে।”

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, “আজ থেকে তোমরা রুয়েট পরিবারের সদস্য। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, শিক্ষাবান্ধব ও সহমর্মিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। র‌্যাগিং ও বুলিংয়ের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর।”

অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয় জীবনে শৃঙ্খলা, গবেষণা, নৈতিকতা, সহশিক্ষা কার্যক্রম ও প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন সুবিধা, স্বাস্থ্যবীমা এবং চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কেও অবহিত করা হয়।

এসময় তড়িৎ ও টেলিযোগাযোগ কৌশল (ইটিই) বিভাগের নবাগত শিক্ষার্থী আলমাস হোসেন আদিব বলেন, “গ্রাম থেকে প্রস্তুতি নিয়ে রুয়েটে ভর্তি হতে পেরে আমি গর্বিত। আমি আশা করি, এখানে শিক্ষক-শিক্ষার্থী ও সিনিয়র-জুনিয়রদের মধ্যে আন্তরিক ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত রুটিন অনুযায়ী ১০ মে থেকেই প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম শুরু হবে। নবীন শিক্ষার্থীদের জন্য এ আয়োজন বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে অভিযোজিত হতে, দৃপ্ত পদযাত্রায় মনোবল বৃদ্ধিতে এবং মেধা ও মননের পরিপূর্ণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অংশীজনদের প্রত্যাশা।