নীলফামারীতে ১০০০ শয্যার হাসপাতাল নির্মাণে সমীক্ষা শুরু

1000-bed hospital
অনলাইন ডেস্ক ০৯ মে ২০২৬ ০৫:২৩ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৯ মে ২০২৬ ০৫:২৩ অপরাহ্ন
নীলফামারীতে ১০০০ শয্যার হাসপাতাল নির্মাণে সমীক্ষা শুরু
--সংগৃহীত ছবি

উত্তরবঙ্গের চিকিৎসা সেবার মান বদলে দিতে নীলফামারীতে নির্মিত হতে যাচ্ছে এক হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল। হাসপাতাল নির্মাণে শনিবার (৯ মে) সকালে নীলফামারীর দারোয়ানী টেক্সটাইলে প্রাথমিক সমীক্ষা শুরু করেছে ছয় সদস্যের চীনা প্রতিনিধি দল। 

প্রতিনিধি দলের নেতা ডং লি- এর নেতৃত্বে ৬ সদস্যের এই কারিগরি প্রতিনিধি দল দারোয়ানীতে পৌঁছান। তারা মূলত এই প্রকল্পের জন্য নির্ধারিত ২৫ একর জায়গার প্রাথমিক সমীক্ষা করছেন। স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে ২ হাজার ২৯২ কোটি টাকার এই প্রকল্পে চীন সরকার অনুদান হিসেবে দিচ্ছে ২ হাজার ২১৯ কোটি টাকা।

পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ফাতেমা তুজ জোহরা বলেন, এখানে ২৫ একর জমির ওপর আধুনিক ১০ তলা হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ডরমিটরি ও আবাসিক ভবন, ডিরেক্টরস বাংলা, প্রয়োজনীয় সহায়ক অবকাঠামো এবং আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি স্থাপন করা হবে।

১০০০ শয্যার মধ্যে ৫০০টি থাকবে সাধারণ বেড এবং বাকি ৫০০টি হবে সম্পূর্ণ বিশেষায়িত।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, হাসপাতালে সাধারণ চিকিৎসার পাশাপাশি নেফ্রোলজি, কার্ডিওলজি, অনকোলজি, নিউরোলজি প্রভৃতি বিশেষায়িত বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হবে। আধুনিক জরুরি বিভাগ, আইসিইউ, সিসিইউ ও এইচডিইউ, উন্নত ডায়াগনস্টিক সুবিধা এবং অপারেশন থিয়েটারের মাধ্যমে জটিল ও দীর্ঘমেয়াদি রোগের চিকিৎসা নিশ্চিত করা হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাকসহ অনেকে উপস্থিত ছিলেন।