‘হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া’, তবু থামেনি লাঠিপেটা

"Heart, wait a minute, brother."
নিজস্ব প্রতিবেদক : ১১ মে ২০২৬ ০৫:০৯ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক : ১১ মে ২০২৬ ০৫:০৯ অপরাহ্ন
‘হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া’, তবু থামেনি লাঠিপেটা
রাজশাহীতে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধরের ঘটনা ঘটেছে।

রাজশাহীতে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। নির্যাতনের ভিডিও মোবাইলফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

রোববার (১১ মে) মতিহার থানা এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার মো. তুষার (১৮) নগরের কাজলা বিলপাড়া মহল্লার বাসিন্দা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তুষারকে দুই যুবক লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করছেন। মারধরের আগে একজনকে বলতে শোনা যায়, ‘চালু করে দিয়েছি।

’ ক্যামেরা চালুর পরপরই শুরু হয় নির্যাতন।

ভিডিওতে দেখা যায়, ৪৫ সেকেন্ডে তুষারকে অন্তত ১৪ বার লাঠি দিয়ে আঘাত করা হয়।

মারধরের সময় তিনি ব্যথায় চিৎকার করতে থাকেন। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া।’ তবে এরপরও থামেননি নির্যাতনকারীরা।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির বলেন, আহত তুষারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চুরির অভিযোগ তুলে তাকে মারধর করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কাউকে গাছে বেঁধে নির্যাতন করা এবং সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া দুটিই অপরাধ। চিকিৎসা শেষে ভুক্তভোগী থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।