কিডনি জটিলতায় মৃত্যুর প্রহর গুনছেন পঞ্চগড়ের জ্যেষ্ঠ সাংবাদিক সাজ্জাদ, সহায়তার আবেদন

Sajjadur Rahman Sajjad
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ১১ মে ২০২৬ ০৮:২৫ অপরাহ্ন সারা বাংলা
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ১১ মে ২০২৬ ০৮:২৫ অপরাহ্ন
কিডনি জটিলতায় মৃত্যুর প্রহর গুনছেন পঞ্চগড়ের জ্যেষ্ঠ সাংবাদিক সাজ্জাদ, সহায়তার আবেদন
পঞ্চগড়ের বোদা পৌরসভাধীন ৯ নম্বর ওয়ার্ডের সাতখামার এলাকার সিনিয়র সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন।

পঞ্চগড়ের বোদা পৌরসভাধীন ৯ নম্বর ওয়ার্ডের সাতখামার এলাকার সিনিয়র সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন। তার দুইটি কিডনিই প্রায় অকার্যকর হয়ে পড়ায় বর্তমানে নিয়মিত ডায়ালাইসিসের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে। চিকিৎসায় প্রয়োজন বিপুল অর্থ, যা বহন করতে পরিবার হিমশিম খাচ্ছে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ভারত ও বাংলাদেশের হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার দুটি কিডনিই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।            

বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন তিনি।

সাজ্জাদের বড় ছেলে আবু বক্কর জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করাতে হচ্ছে। এতে প্রতি সপ্তাহে প্রায় ১০ হাজার টাকা ব্যয় হচ্ছে।

তবে স্থায়ী সমাধানের জন্য কিডনি প্রতিস্থাপন প্রয়োজন, যার জন্য বিদেশে চিকিৎসাসহ প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার প্রয়োজন হতে পারে।

পঞ্চগড়ের জ্যেষ্ঠ সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ জেলার সাংবাদিকতায় দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে কাজ করে আসছেন। তিনি নব্বইয়ের দশকে স্থানীয় পত্রিকায় কাজের মাধ্যমে তার সাংবাদিকতা জীবন শুরু হয়।        

বর্তমানে তিনি ইত্তেফাক এবং এনটিভির স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বাংলা ট্রিবিউন ও ইউএনবি-তেও কর্মরত রয়েছেন।

এর আগে তিনি জনকণ্ঠ, সমকাল ও যুগান্তরের মতো বিভিন্ন গণমাধ্যমে জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

সাংবাদিক সাজ্জাদ জানান, তার স্থাবর অস্থাবর কোন সম্পদ নেই। আছে শুধু একটা বাড়ি। তিন সন্তানের লেখাপড়ার খরচ আর পরিবারের খরচ চালিয়ে নিজের চিকিৎসার খরচ জোগাতে পারছেন না তিনি। ডাক্তারের নির্দেশনায় সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস করার কথা থাকলেও অর্থের অভাবে দুই দিন করতে হচ্ছে। এমতাবস্থায় চিকিৎসায় মহাসংকটে রয়েছেন তিনি।

চোখের পানি মুছে তিনি জানান, ছেলে-মেয়েকে লেখাপড়া শিখিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চাই। অন্তত সেই সময়টুকু বেঁচে থাকতে পারলে মরেও শান্তি পেতাম। বড় ছেলে আবু বক্কর কলেজে, ছোট ছেলে ওমর ফারুক মাধ্যমিকে, মেয়ে ফাতিমা দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

বর্তমানে তার পরিবার চরম আর্থিক সংকটে রয়েছে। চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে ডায়ালাইসিস চালিয়ে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। সাজ্জাদুর রহমান সাজ্জাদের চিকিৎসায় সহায়তা করতে আগ্রহীরা বিকাশ ও নগদ নম্বর ০১৭২০০২৫৪৫৫-এ সহযোগিতা পাঠাতে পারবেন। এছাড়া পূবালী ব্যাংক, পঞ্চগড় শাখায় তার হিসাব নম্বর: ৩৩৪৮১০১০২৭১৪৬.