টেকনাফে জেলের জালে ৮ লাখ টাকার মাছ
উপকূলের এক জেলের জালে আটকা পড়েছে ৮ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ। আটকা পড়া মাছের পরিমাণ আনুমানিক ৪ শত কেজি। ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারের টেকনাফ সাবরাং টুরিজমপার্ক সংলগ্ন সমুদ্র সৈকত এলাকায় এসব মাছ ধরা পড়ে। মাছ গুলো দেখার জন্য স্থানীয় লোকজন ভিড় করছেন। জেলে পরিবারে বইছে খুশির আমেজ। ভাগ্যবান মানুষটি হচ্ছেন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উত্তর পাড়া এলাকার নুরুল হক।
সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলেদের জালে ধরা পড়া মাছ গুলোর মধ্যে ছোট পোয়া, ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটাসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় প্রায় ৪ শত মণ মাছ। জেলেরা মাছ তোলার সঙ্গে সঙ্গে এসব মাছ বিক্রি করেছেন পাইকারি ক্রেতাদের কাছে। পাইকারি ক্রেতারা কিছু মাছ বাজারে তুললেও বাকিটুকু পাঠিয়ে দিয়েছেন শুটকি মহালে।
জালের মাঝি এবাদুল্লাহ প্রকাশ বদইয়া জানান, একটানে তাঁর জালে এসব মাছ উঠে। গত বছর এই সময়েও কয়েক লাখ টাকার মাছ পেয়েছিলেন। অন্যান্য বছরের চেয়ে হঠাৎ এ বছর জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে। প্রতিদিন প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ায় স্থানীয় জেলেরা খুব আনন্দে দিন কাটাচ্ছেন।
টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বঙ্গোপসাগরে সামুদ্রিক মাছ ও ইলিশের প্রজনন বাড়াতে ২০১৯ সাল থেকে (৬৫ দিন) মাছ ধরা ও বিপণনে নিষেধাজ্ঞা জারি করে সরকার। মাছ ধরা বন্ধ থাকার কারণে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন ও আকৃতি বেড়েছে অনেক গুণ। এর সুফল হিসেবে শাহপরীর দ্বীপ উপকূলের জেলেদের জালে বড় ও ছোট প্রজাতির প্রচুর পরিমাণের মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।