লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অনলাইন ডেস্ক ১৪ মে ২০২৬ ০১:০০ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৪ মে ২০২৬ ০১:০০ অপরাহ্ন
লালমনিরহাট  সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
--সংগৃহীত ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৪ মে) ভোর রাতে উপজেলার বনচৌকি বিওপির আমঝোল সীমান্তের ৯০৫/৬ এস নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের আমজাদ হোসেনের ছেলে। 

সীমান্তবাসী জানান, উপজেলার আমঝোল সীমান্তের ৯০৫/৬ এস নম্বর পিলার এলাকা হয়ে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারির সঙ্গে ভারতের ১৫০ গজ অভ্যন্তরে অনুপ্রবেশ করে খাদেমুল।

এ সময় বিএসএফ-৭৮ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক, হাত ও মাথায় গুলি লাগে।

সহযোগীদের সহায়তায় গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন আহত খাদেমুল। পরে স্থানীয় ও সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলির কথা প্রাথমিকভাবে বিএসএফ অস্বীকার করেছে। তবে এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে।