নতুন কমিটি প্রত্যাখ্যান

রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ , চরম ভোগান্তিতে যাত্রীরা

Inter-district bus services from Rajshahi suspended
জেসিকা শেখ ১৮ মে ২০২৬ ০৪:৫৮ অপরাহ্ন সারা বাংলা
জেসিকা শেখ ১৮ মে ২০২৬ ০৪:৫৮ অপরাহ্ন
রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ , চরম ভোগান্তিতে যাত্রীরা
রাজশাহী থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকদের একাংশ।

রাজশাহী থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শ্রমিকদের একাংশ। সোমবার সকাল থেকে নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ঘোষিত নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি শুরু হয়।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। টার্মিনালে দূরপাল্লার পরিবহনের কাউন্টারগুলো বন্ধ থাকলেও সেখানে অসংখ্য যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রমিকদের এমন কর্মসূচির কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

কুমিল্লাগামী যাত্রী হাবিবুর রহমান জানান, ঈদ উপলক্ষে আগেই ছুটি নিয়েছিলেন। কিন্তু টার্মিনালে এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ। তিনি বলেন, “মাঝেমধ্যেই শ্রমিকদের কর্মসূচির কারণে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।”

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে। এতে সভাপতি করা হয় রফিকুল ইসলাম পাখিকে এবং সাধারণ সম্পাদক করা হয় মমিনুল ইসলামকে।

রফিকুল ইসলাম পাখি এর আগে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তার নেতৃত্বে শ্রমিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এ অবস্থায় শ্রমিকদের একটি অংশ নতুন কমিটি প্রত্যাখ্যান করে নির্বাচনের দাবি তুলেছে।

এ বিষয়ে রফিকুল ইসলাম পাখি বলেন, “কে বা কারা বাস বন্ধ করেছে, সেটি জানি না। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।”

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, নতুন কমিটি প্রত্যাখ্যান করে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। বিষয়টি নিয়ে আলোচনা করতে তিনি পুলিশ কমিশনারের কার্যালয়ে গেছেন।