পুরো বিশ্বের নজর বেইজিংয়ে, বৈঠকে পুতিন - শি জিনপিং

Vladimir Putin and Xi Jinping
অনলাইন ডেস্ক ২০ মে ২০২৬ ০২:২৩ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ২০ মে ২০২৬ ০২:২৩ অপরাহ্ন
পুরো বিশ্বের নজর বেইজিংয়ে, বৈঠকে পুতিন  - শি জিনপিং
--সংগৃহীত ছবি

বিশ্ব রাজনীতির নজর এখন চীনের রাজধানী বেইজিংয়ের দিকে, যেখানে গ্রেট হল অব দ্য পিপলে শুরু হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঐতিহাসিক দ্বিপক্ষীয় বৈঠক। বুধবার (২০ মে) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, আজ প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ে স্বাগত জানান পুতিনকে। গ্রেট হল অব দ্য পিপল-এর বাইরে দুই নেতা করমর্দন করেন। 

এর আগে, লাল গালিচায় হাঁটেন তারা, যেখানে সামরিক ব্যান্ড দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করে।

রাশিয়ার প্রেসিডেন্টের এই সফর এমন এক সময়ে হলো, যখন মাত্র কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন সফর শেষ করেছেন।

প্রতিবেদনে বলা হয়, বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে। একইসঙ্গে সম্প্রতি ট্রাম্পের চীন সফরে কী আলোচনা হয়েছে, সেটিও শি জিনপিং পুতিনকে জানাতে পারেন।

জানা গেছে, পুতিনের সঙ্গে রুশ ব্যবসায়ী ও সরকারি নেতাদের একটি বিশাল প্রতিনিধিদল রয়েছে। ক্রেমলিন ঘোষণা করেছে যে, দুই নেতা অর্থনীতি ও পর্যটন থেকে শুরু করে শিক্ষা পর্যন্ত বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করে প্রায় ৪০টি ভিন্ন ভিন্ন চুক্তি স্বাক্ষর করবেন।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সফরের তুলনায় পুতিনের এই সফর ভিন্ন ধরনের কূটনৈতিক বার্তা বহন করছে। আল জাজিরার বেইজিং প্রতিনিধি ক্যাটরিনা ইউ জানান, এটি মূলত চীন-রাশিয়া সম্পর্ককে আরও গভীর করার একটি উদ্যোগ। দুই দেশ ইতোমধ্যে দীর্ঘ ২৫ বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন করছে, আর পুতিন এ পর্যন্ত চীন সফর করেছেন ২৫ বার।

বৈঠকের মূল কেন্দ্রবিন্দু হতে পারে জ্বালানি নিরাপত্তা ইস্যু, যা রাশিয়া-চীন সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র : আল জাজিরা