রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে
রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক ঐতিহাসিক রায়ে এ কথা জানিয়েছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। কোনো রাষ্ট্র গণহত্যার অপরাধ করেছে বলে আদালত এই প্রথম রায় দিলো।
আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া রায় ঘোষণার সময় বলেন, রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার। গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত সনদের অধীনে দেশটির বাধ্যবাধকতা লঙ্ঘন করে এ অপরাধ সংঘটিত হয়েছে।
গাম্বিয়ার দায়ের করা মামলায় মিয়ানমারের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়েছে। ২০১৭ সালে দেশটির সামরিক বাহিনীর অভিযানে রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষণ, নির্যাতন ও ব্যাপক বাস্তুচ্যুতির ঘটনা ঘটে। ওই অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।
রায়টি রোহিঙ্গাদের ন্যায়বিচারের দাবিতে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে গণহত্যার অভিযোগে মিয়ানমারের রাষ্ট্রীয় দায়বদ্ধতা আন্তর্জাতিক আদালতে প্রতিষ্ঠিত হওয়ায় দেশটির ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়তে পারে।
সূত্র: এএফপি