গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে রাজশাহী থেকে গোবরাগামী আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে সীমিত করা হয়েছে। এখন থেকে ট্রেনটি রাজশাহী থেকে কালুখালী জংশন পর্যন্ত চলাচল করবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কালুখালী-গোবরা অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিশ্চিত করেছেন।
রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার ময়েন উদ্দিন আজাদ জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস কালুখালী থেকে গোপালগঞ্জের ওপর দিয়ে গোবরা পর্যন্ত মোট ১১টি স্টেশনে যাত্রাবিরতি করে।
তিনি বলেন, কালুখালী থেকে গোবরা পর্যন্ত ট্রেন চলাচল সাময়িক স্থগিত থাকায় ওই ১১টি স্টেশনের যাত্রীদের কালুখালী জংশনে নেমে যেতে হবে। একইভাবে রাজশাহীগামী যাত্রীদেরও কালুখালী জংশনে এসে ট্রেনে উঠতে হবে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের প্রধান বুকিং সহকারী আব্দুল মমিন বলেন, কর্তৃপক্ষের নির্দেশে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের শেষ গন্তব্য গোপালগঞ্জের গেবরা স্টেশনের টিকিট দেওয়া হচ্ছে না। ট্রেনটির কালুখালী পর্যন্ত টিকিট দেয়া হচ্ছে।কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ট্রেনটি কালুখালী পর্যন্ত চলবে বলেও জানান তিনি।
পশ্চিমাঞ্চল রেলওয়ের নির্দেশনায় বলা হয়েছে, রাজশাহী-গোবরা রুটে চলাচলকারী ৭৮৩/৭৮৪ নম্বর আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেসকে কালুখালী-গোবরা অংশ থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রেনটি রাজশাহী থেকে কালুখালী জংশন পর্যন্ত চলাচল করবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, রাজশাহী থেকে আসা ৭৮৪ নম্বর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের খালি (এমটি) রেক রাতে রাজবাড়ী স্টেশনে রাখা হবে। পরদিন সকালে ৭৮৩ নম্বর ট্রেনের রেক নির্ধারিত সময়ে রাজবাড়ী থেকে কালুখালী জংশনে পৌঁছাবে। এরপর সেখান থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে।