শীতের দোরগোড়ায় অপ্রতিরোধ্য ডেঙ্গুঃ রাজশাহীতেও প্রাণঘাতী ছোবল, থামছে না মৃত্যুর মিছিল

Dengue fever looms large on the threshold of winter
আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি :- ১৯ নভেম্বর ২০২৬ ০৪:৩১ অপরাহ্ন স্বাস্থ্য
আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি :- ১৯ নভেম্বর ২০২৬ ০৪:৩১ অপরাহ্ন
শীতের দোরগোড়ায় অপ্রতিরোধ্য ডেঙ্গুঃ রাজশাহীতেও প্রাণঘাতী ছোবল, থামছে না মৃত্যুর মিছিল
--সংগৃহীত ছবি

​উত্তরের জনপদ রাজশাহীতেও ডেঙ্গুর ছোবল তীব্র আকার ধারণ করেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে রাজশাহী জেলায় মৃত্যুর হার উল্লেখযোগ্য। জাতীয় পর্যায়েও ১৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের প্রাণহানিতে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ৫০০ ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, আবহাওয়ার বদল, চারটি সেরোটাইপের সক্রিয়তা এবং মশক নিধনে কৌশলগত ঘাটতির কারণে শীতের শুরুতেও ডেঙ্গুর প্রাদুর্ভাব কমছে না।

​স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২০২৬ সালের দেড় মাস বাকি থাকতেই ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গত বছরের পুরো হিসাব অতিক্রম করেছে। ২০২৩ সালে যেখানে রেকর্ড ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত ও ১ হাজার ৭০৫ জন মারা গিয়েছিলেন, সেখানে ২০২৪ সালে ৫৭৫ জন এবং ২০২৫ সালে ৪১৩ জনের মৃত্যু হয়েছিল। কিন্তু চলতি বছর কেবল অক্টোবর মাসেই ৪০০-এর বেশি প্রাণহানি এবং ১ লাখ ৩০ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

​দেশের ৬৪ জেলাতেই ছড়িয়ে পড়া এই সংক্রমণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাশাপাশি খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে রোগীর চাপ বেশি। আক্রান্তদের ৬২.৩ শতাংশ পুরুষ এবং ১৬–৩০ বছর বয়সীরা বেশি সংক্রমিত হলেও মৃত্যুঝুঁকিতে এগিয়ে রয়েছেন নারী, শিশু ও ৫০ বছরের বেশি বয়সীরা।

​উত্তরাঞ্চলের প্রধান চিকিৎসা কেন্দ্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ২২ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী জেলা ও আশপাশের উপজেলাগুলো থেকে আসা রোগীদের চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড চালু, শয্যা সংখ্যা বৃদ্ধি এবং নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে এনএস-১ (NS1) পরীক্ষার সুবিধা ও চিকিৎসকদের পরামর্শ প্রদানের কার্যক্রম জোরদার করা হয়েছে।


​মাঠপর্যায়ে মশক নিধন ও পরিচ্ছন্নতায় রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এবং জেলা প্রশাসন সমন্বিত পদক্ষেপ নিয়েছে। রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের আওতায় নগরীর ৩০টি ওয়ার্ডে ফগার মেশিনে কীটনাশক স্প্রে, লার্ভিসাইড প্রয়োগ, ড্রেন-নালা ও ঝোপঝাড় পরিষ্কার এবং ব্লকভিত্তিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

​অন্যদিকে,জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রাজশাহীর ৯টি উপজেলায় প্রতি শনিবার একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে নগরবাসীকে সপ্তাহে অন্তত একদিন নিজ বাসাবাড়ি ও আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।

রাজশাহী জেলার সিভিল সার্জন ডা. এস.আই.এম রাজিউল করিম বলেন, “রাজশাহী অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির প্রেক্ষিতে সাধারণ জ্বরকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। জ্বর হলে দ্রুত এনএস-১ (NS1) পরীক্ষাসহ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। সময়মতো সঠিক চিকিৎসা ও রোগীর তরল ভারসাম্য বজায় রাখা গেলে জটিলতা ও মৃত্যুঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

​সাধারণত নভেম্বর থেকে শীতের শুরুতে এডিস মশার দাপট কমলেও এবার চিত্র ভিন্ন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার মনে করেন, একটি মাত্র কারণে এমন পরিস্থিতি তৈরি হয়নি। তাঁর মতে, শুরুতে নিয়ন্ত্রণ করতে না পারা, বাসাবাড়ি ও আঙিনায় প্রায় ৭০ শতাংশ প্রজননস্থলে নাগরিকদের সম্পৃক্ত করতে না পারা এবং নভেম্বরের বৃষ্টি পরিস্থিতিকে জটিল করেছে। ফলে ডিসেম্বরেও সংক্রমণ প্রত্যাশিত মাত্রায় না কমার আশঙ্কা রয়েছে।

​সাম্প্রতিক দুটি গবেষণায় শীতকালীন ডেঙ্গুর পেছনের বৈজ্ঞানিক কারণগুলো স্পষ্ট হয়েছে।এর মধ্যে ২০২৫ সালে ফিউচার হেলথ সাময়িকীতে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামলে মশার ডিম থেকে লার্ভা ফোটা বন্ধ হয় না। প্রজননের জন্য ন্যূনতম ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই যথেষ্ট হওয়ায় দেশের অধিকাংশ উষ্ণ ও ঘনবসতিপূর্ণ এলাকায় শীতকালেও এডিস বংশবৃদ্ধি করতে পারে।

​এডিস অ্যালবোপিক্টাস মশা এখন কেবল পরিষ্কার পানি বা সকাল-সন্ধ্যার বদলে ঘনবসতিপূর্ণ অন্ধকার ঘর, রাতের কৃত্রিম আলো ও দূষিত পানিতেও ডিম পাড়ছে এবং দিনের যেকোনো সময় কামড়াচ্ছে। প্রচলিত কীটনাশকের কার্যকারিতাও কমে এসেছে।

​২০২৪ সালে বাংলাদেশ জার্নাল অব মেডিসিন-এ প্রকাশিত গবেষণায় শীতকালীন ডেঙ্গুর পর দীর্ঘমেয়াদি উপসর্গ ও শ্বেত রক্তকণিকা বৃদ্ধির (ইমিউনোসাপ্রেশন-সংক্রান্ত) চিত্র উঠে এসেছে। পাশাপাশি ডেঙ্গুর চারটি সেরোটাইপের সক্রিয়তা এবং দ্বিতীয়বার ভিন্ন ধরনে আক্রান্ত হলে অ্যান্টিবডি-ডিপেনডেন্ট এনহ্যান্সমেন্ট (ADE)-এর কারণে রক্তনালি থেকে তরল বেরিয়ে যাওয়া ও রক্তক্ষরণের মতো মারাত্মক জটিলতা বাড়ছে।

জানা গেছে, ​চলতি বছরের আগস্টে আইইডিসিআরের পরীক্ষায় ৭১টি নমুনার প্রায় ৯২ শতাংশে ডেঙ্গুর তৃতীয় ধরন শনাক্ত হয়েছিল এবং অক্টোবরে চারটি ধরনই সক্রিয় থাকার তথ্য পাওয়া যায়। চিকিৎসকদের মতে, তৃতীয় থেকে সপ্তম দিনের মধ্যে জ্বর কমতে শুরু করার পরের ২৪ থেকে ৪৮ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এই সময়ে তীব্র পেট ব্যথা, ঘন ঘন বমি বা ডায়রিয়া, রক্তক্ষরণ, বুক-পেটে পানি জমা, অতিরিক্ত দুর্বলতা বা অস্থিরতা দেখা দিলে দ্রুত হাসপাতালে নিতে হবে।

 প্রাথমিক শকে রক্তচাপ স্বাভাবিক থাকলেও নাড়ির গতি বৃদ্ধি, হাত-পা ঠান্ডা হওয়া বা প্রস্রাব কমে যাওয়া বিপদের লক্ষণ। হাসপাতালে শুধু প্লাটিলেটের ওপর নির্ভর না করে হেমাটোক্রিট পর্যবেক্ষণ ও তরল ব্যবস্থাপনায় জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

​অন্যদিকে, ফগিংয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা নিয়ে প্রশ্ন তুলেছেন কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ড. কবিরুল বাশারের মতে, স্থায়ী প্রজননস্থলে ইনসেক্ট গ্রোথ রেগুলেটর (IGR) প্রয়োগ এবং উৎস ধ্বংস ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ মনে করেন, লোক দেখানো পরিচ্ছন্নতা অভিযানের বাইরে গিয়ে কলকাতার মতো সারা বছর সমন্বিত উদ্যোগ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কমিউনিটিকে যুক্ত করা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

​রাজশাহীসহ সারা দেশে ডেঙ্গু এখন আর কেবল বর্ষাকালের মৌসুমি রোগ নয়!;জলবায়ুর পরিবর্তন, সেরোটাইপের পালাবদল, নগর অব্যবস্থাপনা ও নাগরিক সচেতনতার ঘাটতি মিলে এটি সারা বছরের জনস্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে। শীতের আগমনেও প্রাণহানি থামাতে হলে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষের সম্মিলিত ও বিজ্ঞানভিত্তিক উদ্যোগের কোনো বিকল্প নেই।