রাজশাহীতে রাতভর নাশকতা: বাস ও রেললাইনে আগুন, ককটেল বিস্ফোরণ ও উদ্ধার
রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন স্থানে রাতভর একাধিক নাশকতার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পর্যন্ত নগরীর বিআরটিসি বাস টার্মিনালে দুটি বাসে অগ্নিসংযোগ, চারঘাটে রেললাইনে আগুন, দুটি সরকারি ও রাজনৈতিক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এবং বাঘায় গ্রামীণ ব্যাংক চত্বর থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের ঘটনা ঘটে। এসব ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেললাইনে আগুন, ট্রেন চলাচল ব্যাহত:
রাত ১১টা ১৫ মিনিটের দিকে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে (নন্দনগাছী ও আড়ানী স্টেশনের মধ্যবর্তী স্থানে) রেললাইনে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দিয়ে তারা পালিয়ে গেলে স্থানীয় লোকজন সম্মিলিতভাবে তা নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢাকা কমিউটার’ ট্রেনটি ঘটনাস্থলের কাছাকাছি আটকা পড়ে এবং ওই পথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে চারঘাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং রেললাইনের ক্ষয়ক্ষতি যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম জানান, চারঘাটের নন্দনগাছী স্টেশনের পূর্ব দিকে বাগমারী এলাকায় রাত ১১টা ১৫ মিনিটের দিকে রেললাইনে আগুন দেওয়া হয়। লাইন পরীক্ষা শেষে রাত ১২টা ৫ মিনিটে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিআরটিসি টার্মিনালে দুটি বাসে অগ্নিসংযোগ:
রাত ২টা ২৫ মিনিটের দিকে নগরীর শাহ মখদুম থানার আমচত্বর এলাকার বিআরটিসি বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই বাস দুটি পুড়ে যায়।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, ঘটনার পরপরই টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
দুই স্থানে ককটেল বিস্ফোরণ:
রাত ১২টার দিকে নগরীর শিরোইল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কার্যালয়ের সামনে এবং কোর্ট এলাকায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে পরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
গ্রামীণ ব্যাংক চত্বরে ছয়টি অবিস্ফোরিত ককটেল:
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বাঘা উপজেলার মনিগ্রাম গ্রামীণ ব্যাংক কার্যালয় চত্বর থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। এর মধ্যে ব্যাংক চত্বরের ভেতরে পাঁচটি এবং বাইরে একটি ককটেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করে।
বাঘা থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বোমা নিষ্ক্রিয়করণ দলকে (বম্ব ডিসপোজাল ইউনিট) খবর দেওয়া হয়েছে। ককটেলগুলো এখনো অবিস্ফোরিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় বিশেষজ্ঞ দল পৌঁছে সেগুলো নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় না করা পর্যন্ত স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে অবস্থান করার অনুরোধ জানানো হয়েছে।
একের পর এক নাশকতার এসব ঘটনার পর পুরো রাজশাহীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।