মোহনপুরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ৩
রাজশাহীর মোহনপুর উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মজিবর রহমান মজি (৬০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে কেশরহাট-ভবানীগঞ্জ সড়কের মরগা বিল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মজিবর রহমান মজি উপজেলার জাহানাবাদ ইউনিয়নের বিষহরা গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে কেশরহাট-ভবানীগঞ্জ সড়কের মরগা বিল এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানগাড়িকে পেছন থেকে দ্রুতগতির একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যানে থাকা যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মজিবর রহমান মজি গুরুতর আঘাত পেয়ে নিহত হন। এ সময় ভ্যানের অন্য তিন যাত্রীও গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে মোহনপুর থানার পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।