গোদাগাড়ীতে ১৮ হাজার ৩৯০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন
রাজশাহীর গোদাগাড়ীতে ২০২৬-২০২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে রবি মৌসুমে সরিষা, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এই বিতরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। বিতরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) একেএম মমিনুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনজেল হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুনমুন সুলতানা এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ১৮ হাজার ৩৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে পর্যায়ক্রমে এই সহায়তা দেওয়া হচ্ছে। এর আওতায় সরিষা, মসুর, খেসারি ও অড়হড় চাষের জন্য প্রত্যেক কৃষককে বিনামূল্যে প্রয়োজনীয় বীজ, ডিএপি এবং এমওপি সার প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এই সময়োপযোগী প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং অনাবাদি জমি চাষের আওতায় এনে দেশের সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।