সিন্ডিকেটের কবজায় রেলওয়ে

পূর্বের অনিয়ম ধামাচাপা ও নতুন করে দরপত্র-নিয়োগ বাণিজ্যের অভিযোগে রেলভবনে অস্থিরতা

Allegations of covering up previous irregularities and new tender-recruitment trade
আবুল কালাম আজাদ,বিশেষ প্রতিনিধি :- ১৮ নভেম্বর ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ,বিশেষ প্রতিনিধি :- ১৮ নভেম্বর ২০২৬ ০৮:৫৭ অপরাহ্ন
পূর্বের অনিয়ম ধামাচাপা ও নতুন করে দরপত্র-নিয়োগ বাণিজ্যের অভিযোগে রেলভবনে অস্থিরতা
পূর্বের অনিয়ম ধামাচাপা ও নতুন করে দরপত্র-নিয়োগ বাণিজ্যের অভিযোগে রেলভবনে অস্থিরতা--সংগৃহীত ছবি

বিগত ​আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে রাষ্ট্র সংস্কার ও দুর্নীতি নির্মূলের যে জনাকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা বাংলাদেশ রেলওয়েতে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। 

রেলভবনের অভ্যন্তরীণ সূত্র ও প্রাপ্ত নথিপত্র বিশ্লেষণে দেখা গেছে, বিগত আমলের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির বিচার ও সেবার মানোন্নয়নের পরিবর্তে সংস্থাটিতে নতুন করে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। 

অভিযোগ উঠেছে, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের প্রত্যক্ষ ও পরোক্ষ আনুকূল্যে রেল সচিব মো. ফাহিমুল ইসলাম এবং মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেনের নেতৃত্বে এই চক্রটি বিগত সরকারের অনিয়ম ধামাচাপা দেওয়ার পাশাপাশি দরপত্র ও নিয়োগ বাণিজ্যে জড়িয়ে পড়েছে।

দায়িত্ব গ্রহণের শুরুতে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত ও তোর জোড় কোরলেও পরবর্তীতে তাঁর অবস্থানে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। রেল সংশ্লিষ্টদের অভিযোগ, বিগত সরকারের আমলে আলোচিত পদ্মা রেল সেতু নির্মাণ প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত প্রকল্প পরিচালকের (পিডি) দায়িত্বে থাকা মো. আফজাল হোসেনকে রেলওয়ের সর্বোচ্চ পদ মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

পদ্মা রেল সেতু প্রকল্পের সিংহভাগ বিল পরিশোধ ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত এই কর্মকর্তাকে শীর্ষ পদে বসাতে গিয়ে দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ডিঙানো হয়েছে। বাদ পড়া কর্মকর্তাদের মধ্যে একজন আফজাল হোসেনের ব্যাচের মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী এবং অনেক আগেই তৃতীয় গ্রেডে পদোন্নতিপ্রাপ্ত, যিনি বিভাগে সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত। সংশ্লিষ্টদের মতে, জবাবদিহির আওতায় আনার বদলে আফজাল হোসেনকে পুরস্কৃত করার মাধ্যমে বিগত আমলের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অভয় দেওয়া হয়েছে।

নথিপত্র ও প্রশাসনিক তথ্য বিশ্লেষণে সচিব ও ডিজির নিয়োগ প্রক্রিয়ায় গভীর যোগসাজশের প্রমাণ পাওয়া গেছে। প্রশাসনের ১৩তম ব্যাচের কর্মকর্তা মো. ফাহিমুল ইসলাম এবং রেলের ডিজি মো. আফজাল হোসেন পরস্পরের ব্যাচমেট ও ঘনিষ্ঠ বন্ধু। উপদেষ্টা ফাওজুল কবির খান প্রথমে ফাহিমুল ইসলামকে সেতু বিভাগের সচিব পদে পদায়ন করেন। পরবর্তীতে ২০২৪ সালের ৭ নভেম্বর উপদেষ্টা নিজে জনপ্রশাসন সচিবের বরাবর একটি আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়ে ফাহিমুল ইসলামকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করার সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে ২০ নভেম্বর তৎকালীন রেল সচিব আবদুল বাকীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ফাহিমুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।

​আশ্চর্যজনকভাবে, ২৮ নভেম্বর ২০২৪ তারিখে রেল সচিব হিসেবে যোগদান করেই ফাহিমুল ইসলাম ওই দিনই বন্ধু আফজাল হোসেনকে রেলের ডিজি পদে নিয়োগের আদেশ জারি করেন। সরদার সাহাদাত আলীর স্থলাভিষিক্ত হয়ে ৮ ডিসেম্বর দায়িত্ব নেন আফজাল হোসেন। 

রেলভবনের কর্মকর্তাদের দাবি, এরপর থেকে সচিব ও ডিজি উভয় পদের মূল নিয়ন্ত্রণ আফজাল হোসেনের হাতে চলে যায় এবং সচিব ফাহিমুল ইসলাম প্রশাসনিক উচ্চমহলে তদবিরের মাধ্যমে নিজেদের অবস্থান সুসংহত রাখার কাজ করছেন।

অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছরে রেলওয়ের সেবার মানোন্নয়নে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বরং জনকল্যাণমূলক কাজের চেয়ে কয়েকটি তদন্ত ও সংস্কার কমিটি গঠন করে সময় ক্ষেপণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য তিনটি কমিটি হলো-

​টিকিট কালোবাজারি রোধ ও অনলাইন প্ল্যাটফর্ম ‘সহজ ডটকম’-এর সম্পৃক্ততা যাচাই কমিটি,​কোরিয়ান হুন্দাই রোটেম থেকে কেনা ৩০টি ইঞ্জিন অকেজো হয়ে যাওয়া সংক্রান্ত লোকোমোটিভ কমিটি এবং ​রুট রেশনালাইজেশন কমিটি।

​অনুসন্ধানে জানা গেছে, এই তিনটি কমিটির কোনোটিই এখন পর্যন্ত কোনো প্রতিবেদন জমা দেয়নি বা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। অন্যদিকে, রেলকে লাভজনক করার নামে তিনজন ছাত্র প্রতিনিধিকে সারা দেশে ভ্রমণের জন্য ফ্রি টিকিট ইস্যু করা হলেও, টিকিটের অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদের রেল ছাড়তে হয়। সংশ্লিষ্টরা এই কমিটিগুলোকে কেবল লোক দেখানো বা ‘আইওয়াশ’ হিসেবে অভিহিত করেছেন।

​দরপত্রে গোপন প্রাক্কলন ফাঁস ও বাড়তি ব্যয়ে কার্যাদেশ

সিন্ডিকেটের অনিয়মের সাম্প্রতিক উদাহরণ হিসেবে সামনে এসেছে বাংলাদেশ রেলওয়ের ৩৪টি ট্র্যাকশন মোটর মেরামতের দরপত্র প্রক্রিয়া। প্রাপ্ত নথিপত্র অনুযায়ী, এই কাজের দাপ্তরিক গোপন প্রাক্কলিত ব্যয় ছিল প্রায় ৫ কোটি ৯৫ লাখ টাকা। কিন্তু ২৩ জুন ২০২৬ তারিখে ‘শ্রীজা মেটাল ইন্ডাস্ট্রিজ’ নামক একটি প্রতিষ্ঠানকে প্রায় ৬ কোটি ৪৫ লাখ ৫২ হাজার টাকার কার্যাদেশ দেওয়া হয়, যা মূল প্রাক্কলনের চেয়ে প্রায় ৫০ লাখ ৫৩ হাজার টাকা বেশি।

​অভিযোগ রয়েছে, নির্দিষ্ট এই ঠিকাদারকে সুবিধা দিতে দরপত্রে অংশগ্রহণের অভিজ্ঞতা-সংক্রান্ত শর্ত পরিবর্তন করা হয়েছে। এমনকি দরপত্র চলাকালীন ঠিকাদারের চিঠিপত্রে দাপ্তরিক গোপন প্রাক্কলিত মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অঙ্কের উল্লেখ পাওয়া গেছে। 

এ বিষয়ে দরপত্র আহ্বানকারী কর্মকর্তা ও রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক বেলাল হোসেন সরকারও গোপন তথ্য ফাঁসের সম্ভাবনার কথা স্বীকার করেছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানটি বিধি অনুসরণের দাবি করলেও, এই গুরুতর অনিয়মের বিষয়ে মন্ত্রণালয় বা রেল কর্তৃপক্ষ এখনো কোনো তদন্ত কমিটি গঠন করেনি।

​প্রশাসনিক তদারকির ঘাটতি ও স্বাধীন নিরীক্ষার দাবি

রেলপথ মন্ত্রণালয়ের কার্যবিধি অনুযায়ী, অধীনস্থ দপ্তর বা প্রকল্প পরিচালকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে তা তদন্ত ও নিষ্পত্তির মূল দায়িত্ব সচিবের। কিন্তু সচিব মো. ফাহিমুল ইসলামের দায়িত্বকালীন সময়ে একের পর এক ক্রয় ও প্রকল্পের অনিয়মের তথ্য সামনে এলেও কার্যকর তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা হয়নি।

​প্রশাসনিক বিশ্লেষকদের মতে, সচিবের দপ্তরে জমা পড়া অভিযোগের সংখ্যা, নিষ্পত্তির হার, নিরীক্ষা আপত্তি নিষ্পত্তি এবং তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়নের চিত্র খতিয়ে দেখা জরুরি। প্রাথমিক সত্যতা পাওয়ার পরও ব্যবস্থা না নেওয়া কিংবা বিধিবহির্ভূত সিদ্ধান্তে সহযোগিতা করা হয়ে থাকলে তা গুরুতর প্রশাসনিক অসদাচরণ হিসেবে গণ্য হতে পারে। এ অবস্থায় রেলওয়ের স্বচ্ছতা ফেরাতে সচিব ও মহাপরিচালকের মেয়াদকালের ওপর একটি স্বাধীন প্রশাসনিক ও কার্যসম্পাদন নিরীক্ষা (পারফরম্যান্স অডিট) পরিচালনার দাবি জোরালো হচ্ছে।



​