রাজশাহীর পদ্মার চরে ড্রোন আর সিসিটিভি ॥ ১০ মাসে ১১ কোটি টাকার মাদক-অস্ত্র জব্দ ১ বিজিবির

Drones and CCTV in the Padma Char
আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি :- ১৯ নভেম্বর ২০২৬ ০৪:৪৮ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি :- ১৯ নভেম্বর ২০২৬ ০৪:৪৮ অপরাহ্ন
রাজশাহীর পদ্মার চরে ড্রোন আর সিসিটিভি ॥ ১০ মাসে ১১ কোটি টাকার মাদক-অস্ত্র জব্দ ১ বিজিবির
রাজশাহী ​পদ্মার দুর্গম চরাঞ্চল ও সীমান্তঘেঁষা জনপদে চোরাচালান ঠেকাতে প্রচলিত টহলের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারিতে জোর দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমন্ত ঘেঁষা রাজশাহী ​পদ্মার দুর্গম চরাঞ্চল ও সীমান্তঘেঁষা জনপদে চোরাচালান ঠেকাতে প্রচলিত টহলের পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারিতে জোর দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এরই অংশ হিসেবে রাজশাহীর  পদ্মা নদীতীরবর্তী সীমান্ত চৌকিগুলোতে (বিওপি) ড্রোন ও সিসিটিভি ক্যামেরা ব্যবহারের পাশাপাশি দুর্গম এলাকায় সৌরবিদ্যুতের আলোকায়ন নিশ্চিত করা হয়েছে।

​গত ১০ মাসে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে সর্বমোট ১১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ১৬৩ টাকা মূল্যের অস্ত্র, মাদকদ্রব্য, কষ্টিপাথরের মূর্তিসহ নানা অবৈধ মালামাল জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।



 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবি’র পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

​বিজ্ঞপ্তি অনুযায়ী, উত্তর-পশ্চিমাঞ্চলের ১,৬৬৮.৮৫৪ কিলোমিটার সীমান্তের মধ্যে ৭৬.৬৫ কিলোমিটার দুর্গম ও স্পর্শকাতর সীমান্ত এলাকা ১ বিজিবির আওতাধীন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে মাদক ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে আটক করা হয়েছে।

​অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৫টি পিস্তল (৮টি ম্যাগাজিনসহ) ও ১৭ রাউন্ড গুলি। মাদকের মধ্যে রয়েছে ০.৯ কেজি হেরোইন, ৬৩ হাজার ২৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫ হাজার ৮৪০ পিস ইয়াবা, ১ হাজার ১৬১ পিস ফেনসিডিল, ২.৪৩ কেজি গাঁজা, ৭ হাজার ৮৫৫ বোতল ও ৭৯ লিটার বিদেশি মদ, ১৯ লিটার দেশীয় মদ এবং ৮ হাজার ৪৮৭ বোতল বিভিন্ন প্রকারের সিরাপসহ বহুসংখ্যক যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট। এ ছাড়া ১৭৭.৭ কেজি ওজনের ৭টি কষ্টিপাথরের মূর্তি, মূর্তির ৫০ কেজি অংশবিশেষ এবং ৪টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে।

সীমান্তের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও অস্ত্র চোরাচালান রোধে ২৪ ঘণ্টা নিয়মিত টহল, বিশেষ অভিযান ও মোবাইল চেকপোস্ট পরিচালনা করছে ব্যাটালিয়নটি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহলের সময়, স্থান ও ধরন পরিবর্তন করা হচ্ছে।



​

নদীপথে নজরদারি বাড়াতে স্পিডবোট ও কাঠের নৌকার টহলের পাশাপাশি পদ্মাতীরবর্তী বিওপিগুলোতে ড্রোন ওড়ানো হচ্ছে। ব্যাটালিয়নের সব বিওপিতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং ভবিষ্যতে থার্মাল ইমেজিংসহ আরও আধুনিক ডিজিটাল নজরদারি সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও আনসার-ভিডিপি সদস্যদের নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সীমান্তসংলগ্ন চারটি উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত সমন্বয় চলছে। সীমান্তের পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা, নির্বাচনকালীন নিরাপত্তা, বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবের নিরাপত্তা, জ্বালানি তেলের অবৈধ মজুত এবং সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচার রোধেও কাজ করছে ১ বিজিবি। যেকোনো আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় সদর দপ্তরে ৩টি প্লাটুন এবং ১৬টি বিওপিতে ১টি করে সেকশন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

​বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ এবং ‘সীমান্ত সুরক্ষিত থাকলে দেশ সুরক্ষিত থাকবে’—এই প্রত্যয় সামনে রেখে ভবিষ্যতেও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছে রাজশাহী ব্যাটালিয়ন।