নিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রি
নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে মজুদ করা প্রায় ৫ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করার পর স্থানীয় কৃষকের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে স্থানীয় উপজেলান প্রশাসনের তদারকিতে এই সার বিক্রি শুরু করা হয়। গতকাল বুধবার ( ১৮ নভেম্বর) উপজেলার খড়িবাড়ি বাজারে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানেরর পৃথক চারটি গুদাম থেকে এসব সার জব্দ করে উপজেলা প্রশাসন ।
এ অভিযান পরিচালনা করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। নিয়ামতপুর থানা - পুলিশ অভিযানে সহযোগিতা করে।
জব্দকৃত সারগুলোর মধ্যে ডিএপি, মিউরেট অব পটাশ, ইউরিয়া সার রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে খড়িবাড়ি বাজারের মেসার্স সীমা এন্টারপ্রাইজের মালিক নূরে আলম সিদ্দিক হোসেনের গুদাম থেকে ১ হাজার ২০০ বস্তা, মেসার্স বুলবুল ট্রেডার্স এর মালিক বুলবুল আহমেদের গুদাম থেকে ১হাজার ২০০ বস্তা এবং মেসার্স শহিদুল ট্রেডার্স এর মালিক শহিদুল ইসলামের দুইটি গুদাম থেকে ২হাজার ৫০০ বস্তা সার জব্দ করে গুদাম সিলগালা করা হয়।
নিয়ামতপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ি বাজারে তিনটি পয়েন্টে চারটি গুদাম থেকে সারগুলো জব্দ করা হয়। জব্দকৃত সার আজ সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৩০০০ বস্তা সার কৃষকদের মাঝে সরকারি মূল্যো বিক্রি করা হয়েছে। সার বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা হবে । আশা করছি প্রশাসনসহ সকলের সহযোগিতার সব সার সুষ্ঠুভাবে বিতরণ করা হবে।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্শিদা খাতুন বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সারগুলো বাজারে অস্থিরতা তৈরি লক্ষ্যে অবৈধভাবে মজুদ করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিকেলেই সেগুলো জব্দ দেখানো হয়। আজ সেগুলো কৃষকের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে। কৃষকদের মাঝে সরকারি মূল্যে সার বিক্রয় করা টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।