রেলের ডিজি হওয়ার দৌড় থেকে ছিটকে পড়লেন রেল পরিদর্শক আহমেদ মাহবুব চৌধুরী

Ahmed Mahbub Chowdhury
আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি :- ১৯ নভেম্বর ২০২৬ ০৬:৩৮ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ, বিশেষ প্রতিনিধি :- ১৯ নভেম্বর ২০২৬ ০৬:৩৮ অপরাহ্ন
রেলের ডিজি হওয়ার দৌড় থেকে ছিটকে পড়লেন রেল পরিদর্শক আহমেদ মাহবুব চৌধুরী

হওয়ার দৌড় থেকে ছিটকে পড়েছেন সরকারি রেল পরিদর্শক (জিআইবিআর) আহমেদ মাহবুব চৌধুরী। 

শীর্ষ এই পদে আসীন হওয়ার পথ রুদ্ধ হয়ে যাওয়ায় বর্তমানে রেল প্রশাসনে অস্থিরতা তৈরির নেপথ্যে তাঁর তৎপরতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, বর্তমান মহাপরিচালক আফজাল হোসেন ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কিছু নামসর্বস্ব অনলাইন পোর্টালে বিভ্রান্তিকর তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে।

দুদক ও রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনের ১২৫টি লাগেজ ভ্যান ক্রয়ে ভুয়া দরপত্র ও অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের ৩৫৮ কোটি টাকা আত্মসাৎ ও ক্ষতির অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে একটি মামলা করে দুদক। ওই মামলার এজাহারে রেলওয়ের সাবেক মহাপরিচালকসহ ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তার তালিকায় ১ নম্বর আসামি হিসেবে আহমেদ মাহবুব চৌধুরীর নাম রয়েছে।

​তদন্ত নথি অনুযায়ী, প্রকল্পটি গ্রহণের সময় তিনি রেলওয়ের অতিরিক্ত প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং সম্ভাব্যতা যাচাই-সংক্রান্ত প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। পরবর্তীতে ২০২৬ সালের আগস্টে দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত শাখার প্রতিবেদনে ক্ষমতার অপব্যবহার ও পারস্পরিক যোগসাজশে সরকারি অর্থ ক্ষতির প্রাথমিক প্রমাণ মেলে। এরই পরিপ্রেক্ষিতে কমিশন তাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিলের চূড়ান্ত অনুমোদন দেয়।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, পূর্বে অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) হিসেবে দায়িত্ব পালন করা আহমেদ মাহবুব চৌধুরী দুদকের মামলার আসামি হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে মহাপরিচালক হওয়ার জন্য নানা মহলে তদবির চালিয়ে আসছিলেন। চার্জশিট অনুমোদনের পর সেই সুযোগ হাতছাড়া হয়ে গেলে একটি স্বার্থান্বেষী মহলের যোগসাজশে বর্তমান ডিজি ও রেলসচিবের বিরুদ্ধে পরিকল্পিতভাবে ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ শুরু হয়।

​এরই অংশ হিসেবে সম্প্রতি এআই ব্যবহার করে ডিজি আফজাল হোসেনের কণ্ঠ নকল করে একটি ভুয়া অডিও ক্লিপ তৈরি ও একটি অনলাইন পোর্টালে প্রচার করা হয়। 

বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট পোর্টালকে ইতোমধ্যে আইনি নোটিশ পাঠিয়েছেন ডিজি আফজাল হোসেন।


কেবল লাগেজ ভ্যান প্রকল্পই নয়, আহমেদ মাহবুব চৌধুরী অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) থাকাকালীন রেলের বহরে ঘন ঘন ইঞ্জিন বিকল, কোচের যান্ত্রিক ত্রুটি এবং ট্রেনের তীব্র শিডিউল বিপর্যয়ের পেছনেও তাঁর অদূরদর্শিতা ও গাফিলতিকে দায়ী করে আসছেন রেলের কর্মকর্তা-কর্মচারীদের একটি বড় অংশ।


​রেলওয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে, চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে শীর্ষ কর্মকর্তাদের বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে। তবে দুদকের চার্জশিটভুক্ত কোনো কর্মকর্তার রেলের সর্বোচ্চ পদে আসার কোনো প্রশাসনিক সুযোগ নেই বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।