বরেন্দ্রের জঙ্গল পরিষ্কার করে বসতি গড়ার ইতিহাস আদিবাসীদের ॥ চাঁপাইনবাবগঞ্জে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে আছে আদিবাসী সংস্কৃতি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ও পার্বতীপুর এলাকার প্রাচীন বনজঙ্গল ও বরেন্দ্রভূমিতে আদিবাসীদের বসবাসের দীর্ঘ ইতিহাস রয়েছে। পার্বতীপুর ইউনিয়নের ধোবাপুকুরসহ আশপাশের এলাকায় বসবাসকারী প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে সাঁওতাল, ওঁরাও, মুন্ডা ও মাহালী উল্লেখযোগ্য। বরেন্দ্র অঞ্চলের জঙ্গল এবং টিলা-সমতল ভূমি পরিষ্কার করে চাষাবাদ ও বসতি গড়ে তোলার ইতিহাসের সঙ্গে এই জনগোষ্ঠীগুলো জড়িত।
পার্বতীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বসবাসকারী আদিবাসীদের মধ্যে সাঁওতালরাই সংখ্যাগরিষ্ঠ। ধোবাপুকুর ছাড়াও শ্রীকান্দর, মিরাকাঠাল, ছোটদাদপুর, কাশরইল ও দায়েমপুর গ্রামে তাদের বসতি রয়েছে। এসব এলাকার সাঁওতালদের প্রচলিত পদবির মধ্যে মুরমু, হাঁসদা, টুডু, মার্ডি, সরেন, কিস্কু ও বাস্কে অন্যতম।
ধোবাপুকুর থেকে প্রায় দেড় কিলোমিটার পূর্বে বসবাস করছেন ধীরেন বর্মন (৮০) ও তাঁর ভাইয়েরা। ধীরেন বর্মনের বাবা রজনীকান্ত এবং তাঁর বাবা শুক্রধর-এর পূর্বপুরুষ থেকেই তাঁরা এ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অন্যদিকে ধোবাপুকুর থেকে প্রায় ৩০০ মিটার পশ্চিমে রাধানগরের মিরাকাঠাল গ্রামে বসবাস করছেন সেভেন মুরমু (৭০)। তাঁর বাবা গণেশ মুরমু এবং দাদা চাটরা মুরমু। স্থানীয় সূত্রে জানা যায়, চাটরা মুরমু ও সাম মুরমু ছিলেন দুই বন্ধু; তাঁরা একসঙ্গে ভারত থেকে এ অঞ্চলে এসেছিলেন। সাম মুরমুর ছেলে দুগা চরণ এবং তাঁর ছেলে ফিলিফ মুরমু (৭৫) বর্তমানে ধোবাপুকুর থেকে প্রায় ৫০০ মিটার পশ্চিমে মিরাকাঠাল গ্রামে বসবাস করছেন।
সাঁওতালদের পর এ অঞ্চলে ওঁরাও জনগোষ্ঠীর অবস্থান রয়েছে। কৃষি কাজ ও ভূমি আবাদে তাঁদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের জঙ্গল পরিষ্কার করে বসবাসের উপযোগী করার ক্ষেত্রে মুন্ডাদেরও বড় ভূমিকা ছিল। বনজঙ্গল ঘেরা পরিবেশে বসবাস শুরু করলেও তাঁরা নিজেদের আদি সংস্কৃতি ধরে রেখেছেন। পার্বতীপুর ইউনিয়নের কিনুপাড়া এলাকায় ওঁরাও সম্প্রদায়ের মানুষ ঝান্ডি উৎসব, কারাম উৎসব, সোহরাই এবং ঐতিহ্যবাহী নৃত্য-গীতের মাধ্যমে নিজস্ব সংস্কৃতি চর্চা করে আসছেন।
ইতিহাস ও স্থানীয় বয়ান অনুযায়ী, ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহের পর এবং উনিশ শতকের শেষভাগে নিরাপদ আশ্রয় ও জীবিকার সন্ধানে বিপুলসংখ্যক আদিবাসী পরিবার এ উপজেলার জঙ্গলে বসতি স্থাপন করে। পরবর্তীতে ১৯৪৯-৫০ সালের ঐতিহাসিক নাচোল তেভাগা আন্দোলনেও এই অঞ্চলের সাঁওতাল কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।