বুবলী ভক্তদের জন্য সুখবর!

অনলাইন ডেস্ক ২৬ মে ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ২৬ মে ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন
বুবলী ভক্তদের জন্য সুখবর!
সংগৃহীত ছবি

ঢাকাই চিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর! চলতি বছরের রোজার ঈদ থেকেই যে বিষয়টি নিয়ে অধীর আগ্রহে ছিলেন তার ভক্তরা, অবশেষে তার আনুষ্ঠানিক ঘোষণা এসেছে। সব ধোঁয়াশা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন কোরবানির ঈদেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে শবনম বুবলী ও আদর আজাদ জুটির নতুন সিনেমা ‘পিনিক’। 

মূলত চলতি বছরের রোজার ঈদেই ‘পিনিক’ মুক্তির কথা ছিল। তবে সে সময় একসঙ্গে একাধিক সিনেমা মুক্তির মিছিলে থাকায় শেষ মুহূর্তে পিছিয়ে যায় এর মুক্তি; তাতে তৈরি হয় দীর্ঘ ধোঁয়াশা। 

সম্প্রতি এফডিসিতে এক সংবাদ সম্মেলনে সব জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন কোরবানির ঈদে সিনেমাটি মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন সংশ্লিষ্টরা।

‘পিনিক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে নির্মাতা জাহিদ জুয়েলের। প্রথম সিনেমা হলেও নির্মাণশৈলীতে তিনি অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন বলে জানিয়েছেন সিনেমার মূল অভিনেতা আদর আজাদ। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের গল্পে বোনা এই চলচ্চিত্রে দর্শক একসঙ্গে অ্যাকশন, রোমান্স ও সাসপেন্সের স্বাদ পাবেন।

অভিনেতা আদর আজাদ জানান, সিনেমায় তার চরিত্রের নাম ‘পাশা’। চরিত্রটি ইতিবাচক নাকি নেতিবাচক, তা পুরো সিনেমা না দেখলে বোঝার উপায় নেই। 

এদিকে সিনেমাটি নিয়ে বুবলী যেন একেবারেই ধরা-ছোঁয়ার বাইরে। এই সিনেমার কোনো মহরত কিংবা কোনো ধরনের প্রচার-প্রচারণাও যেমন নেই, তেমনি দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন শোবিজ ইভেন্টেও ছিল বুবলীর অনুপস্থিতি। সব মিলিয়ে ছবিটি মুক্তি পাবে কি না, তা নিয়ে ধোঁয়াশা বেড়ে গিয়েছিল কয়েকগুণ। 

এর আগে ‘তালাশ’ ও ‘লোকাল’ সিনেমায় একসঙ্গে কাজ করে দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল আদর-বুবলী জুটি। সেই ধারাবাহিকতায় এটি তাদের তৃতীয়বারের মতো স্ক্রিন শেয়ার। বুবলী ও আদর ছাড়াও এই তারকা বহুল চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী এবং নবাগত অভিনেত্রী কেয়া আল জান্নাহ প্রমুখ।


এসআইএল/বিবিএন