রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

17 lakh taka looted
অনলাইন ডেস্ক ০৭ জুন ২০২৬ ০৬:৪১ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ০৭ জুন ২০২৬ ০৬:৪১ অপরাহ্ন
রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
রাজধানীর মতিঝিলে লোকমান হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।--সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিলে লোকমান হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ওই ব্যবসায়ীর হাত ও পায়ে তিনটি গুলি লেগেছে। তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (৭ জুন) বিকেল সোয়া ৩টার দিকে মতিঝিলের শাপলা চত্বর সংলগ্ন জনতা ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার।

তিনি জানান, ওই ব্যক্তি মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি মতিঝিল শাপলা চত্বর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে তার সঙ্গে থাকা একটি ব্যাগ নিয়ে যায়। ওই ব্যাগে ১৭ লাখ টাকা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে ওই ব্যবসায়ীকে পথচারীরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেছে।

তিনি আরও জানান, ওই ব্যবসায়ীর হাতের কনুইর নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ছয়জন দুষ্কৃতকারী তিনটি মোটরসাইকেলে এসে লোকমান নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।