১০ কার্যদিবস পর কমলো সূচক, লেনদেনেও ভাটা

Transactions also decline
অনলাইন ডেস্ক ০৮ জুন ২০২৬ ০৫:৩০ অপরাহ্ন অর্থনীতি
অনলাইন ডেস্ক ০৮ জুন ২০২৬ ০৫:৩০ অপরাহ্ন
১০ কার্যদিবস পর কমলো সূচক, লেনদেনেও ভাটা
সংগৃহীত ছবি

টানা ১০ কার্যদিবস উত্থানের পর দেশের শেয়ারবাজারে সোমবার (৮ জুন) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ পরবর্তী দ্বিতীয় দিনে অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো মূল্যসূচক কমেছে। পাশাপাশি কমেছে এক্সচেঞ্জটির লেনদেনের পরিমাণও।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার ডিএসইতে লেনদেন শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই দাম কমার তালিকায় চলে আসে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এতে মূল্যসূচক ঋণাত্মক হয়ে পড়ে। লেনদেনের শেষ পর্যন্ত এই ধারা অব্যাহত থাকে। ফলে দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি সবকটি মূল্যসূচক কমেই দিনের লেনদেন শেষ হয়েছে।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১০২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২৪৭টির এবং ৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

দাম কমার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৩ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট কমে ১ হাজার ১০৮ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট কমে ২ হাজার ৬৯ পয়েন্টে নেমে গেছে। এর মাধ্যমে টানা ১০ কার্যদিবস বাড়ার পর মূল্যসূচক কমলো।

মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৭২ কোটি ৪৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৫২৯ কোটি ৫ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ৪৫৬ কোটি ৫৯ লাখ টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা উত্থানের কারণে বেশকিছু প্রতিষ্ঠানের শেয়ার দাম অনেকটাই বেড়ে গেছে। ফলে বিনিয়োগকারীদের একটি অংশ মুনাফা তুলে নেওয়ার চেষ্টা করেছে। এতে শেয়ারবাজারে বিক্রির চাপ বেড়ে যায়। এই মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণেই দরপতন হয়েছে। এটি স্বাভাবিক মূল্য সংশোধন।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৮৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৩৮ প্রতিষ্ঠানের মধ্যে ৭৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৪টির এবং ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৪৩ কোটি ৩৮ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৭ কোটি ২৩ লাখ টাকা।