সব বিষয়ে ইসলাম বানাবেন না, জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী
সব বিষয়ে ইসলামের দোহাই দেওয়া মোটেও সমীচীন নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়।
মঙ্গলবার (৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনের তৃতীয় দিন ৬৮ বিধিতে দেওয়া ইসলামী ব্যাংক সংক্রান্ত বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।
বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ে বিরোধী দল যে বক্তব্য দিয়েছে, সেখানে বলা হয়েছে ন্যায্যতার পথে ফিরতে হবে। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের শেয়ার নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। বিরোধীদলীয় নেতার বক্তব্য অনুযায়ী, শেয়ারগুলো ‘ডাকাতি করে’ কেনা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ইবনে সিনার শেয়ার লেনদেন প্রসঙ্গ টেনে তিনি বলেন, ব্লক মার্কেটে শেয়ার তিন গুণ দামে বিক্রি হয়েছে-এটি রেকর্ড।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডিং কাঠামো নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হচ্ছে, তবে এসব বিষয়ে সুনির্দিষ্ট পরিসংখ্যান প্রকাশ করা উচিত। এ বিষয়ে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি তথ্য প্রকাশের আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেয়ারহোল্ডাররা কীভাবে শেয়ার কিনেছেন, সেটি একটি আলাদা বিষয় এবং এ নিয়ে বিতর্ক থাকতে পারে। প্রয়োজনে এটি দুদকের তদন্ত বা মামলার বিষয়ও হতে পারে। তবে পাবলিক লিস্টেড কোম্পানির শেয়ারহোল্ডিং কাঠামো একটি ভিন্ন বিষয় এবং তা আলাদাভাবে তদন্ত করা যেতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, ইসলামী ব্যাংকের বৈধ শেয়ারহোল্ডারদের শেয়ার যথাযথভাবে হস্তান্তর করা হবে। এছাড়া, নাবিল গ্রুপসহ যারা ব্যাংক থেকে টাকা নিয়ে আর ফেরত দেয়নি, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করা হবে। একই সঙ্গে, বিগত সময়ে নিয়ম না মেনে ব্যাংকটিতে যে ৯ হাজার কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছিল, সেই বিষয়টিও তদন্তের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও বলেন, এ বিষয়ে অতিরিক্ত মন্তব্য করতে গিয়ে অনেকে রাজনৈতিকভাবে বিষয়টিকে টেনে আনছেন। ‘ইসলামের ওপর হাত দেবেন না’, সম্প্রতি জামায়াত নেতাদের এমন মন্তব্যের প্রসঙ্গ টেনে বক্তব্যের এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়।