আবারও দেখা যাবে ইত্যাদির নরসিংদী পর্ব

Narsingdi episode of etc
অনলাইন ডেস্ক ১১ জুন ২০২৬ ১২:০৫ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ১১ জুন ২০২৬ ১২:০৫ অপরাহ্ন
আবারও দেখা যাবে ইত্যাদির নরসিংদী পর্ব
প্রতি মাসেই নতুন পর্ব নিয়ে হাজির হয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। --সংগৃহীত ছবি

প্রতি মাসেই নতুন পর্ব নিয়ে হাজির হয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। ৫ জুন প্রচারিত হয়েছিল এর নরসিংদী পর্ব। যেখানে বরাবরের মতই আঞ্চলিক ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে অনুষ্ঠানটির নিয়মিত পর্বগুলো ছিল।

সে পর্বটি পুনরায় দেখার সুযোগ মিলবে আগামীকাল। শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে ‘ইত্যাদি’র পুনঃপ্রচার।

ইত্যাদির এ পর্ব ধারণ করা হয়েছিল নরিসিংদীর রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউরনগরে অবস্থিত ‘বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর’ প্রাঙ্গণে। এতে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টিকথা নিয়ে থাকছে একটি জমকালো পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। স্থানীয় নৃত্যশিল্পীদের নিয়ে পরিবেশনাটির কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ, আর গানে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব।

এছাড়া অনুষ্ঠানে রয়েছে নরসিংদীরই কৃতি সন্তান ইমন চৌধুরী ও তার দল ‘বেঙ্গল সিম্ফনি’র পরিবেশনায় একটি বিশেষ ফোক-ফিউশনধর্মী গান। জুয়েল আহমেদ ও কবির বকুলের যৌথ লেখনীতে এ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী নিজেই।

শিকড় সন্ধানী ‘ইত্যাদি’র এবারের পর্বে রয়েছে বেশ কয়েকটি তথ্যসমৃদ্ধ ও হৃদয়ছোঁয়া প্রতিবেদন। এর মধ্যে অন্যতম বাংলাদশের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নস্থল ‘উয়ারী-বটেশ্বর’ নিয়ে তথ্যচিত্র। এছাড়া জেলার ঐতিহ্যবাহী তাঁতশিল্প, ‘প্রাচ্যের ম্যানচেস্টার’ খ্যাত বাবুরহাট, জিআই পণ্য অমৃতসাগর কলা, লটকনসহ কলম্বো লেবু নিয়েও রয়েছে আলাদা আকর্ষণীয় আয়োজন।

ইত্যাদিতে ইমন চৌধুরী

এ পর্বের মানবিক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে খুলনার বটিয়াঘাটার দৃষ্টিহীন ষাটোর্ধ্ব চিত্তরঞ্জন মহালদারকে, যিনি অদম্য ইচ্ছাশক্তি দিয়ে জয় করেছেন নিজের শারীরিক সীমাবদ্ধতাকে। অনুষ্ঠানের মাধ্যমে তার এই লড়াইকে সম্মান জানিয়ে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। অন্যদিকে, বিদেশি প্রতিবেদন পর্বে থাকছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মেলবোর্নের ফিলিপ আইল্যান্ডের বিখ্যাত ‘দ্য পেঙ্গুইন প্যারেড’।

এসবের পাশাপাশি থাকছে কাশেম টিভির সাংবাদিক ও নাতির জমজমাট আড্ডা, নিয়মিত আয়োজন দর্শক পর্ব, চিঠিপত্র বিভাগ এবং সামাজিক অসংগতি ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে বেশ কিছু নাট্যাংশ। বরাবরের মতো অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।