বিশ্বকাপ এলে রাত জেগে খেলা দেখি, নেইমার-মেসি নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস অভিনয়ের ব্যস্ততার মাঝেও খেলাধুলার প্রতি নিজের আগ্রহের কথা প্রায়ই প্রকাশ করেছেন। বিশেষ করে ফুটবল বিশ্বকাপ এলেই তিনি হয়ে ওঠেন এক উচ্ছ্বসিত সমর্থক।
বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে না থাকলেও বিশ্বকাপ ঘিরে তার মধ্যেও তৈরি হয় উৎসবের আবহ। সম্প্রতি প্রিয় খেলোয়াড়, দল এবং বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন ওই অভিনেত্রী।
অপু বিশ্বাস জানান, তার প্রিয় খেলোয়াড়দের মধ্যে ব্রাজিলের নেইমারকে তিনি বেশি পছন্দ করেন। একইসঙ্গে আর্জেন্টিনার লিওনেল মেসির খেলাও তার ভালো লাগে।
এ বিষয়ে তিনি বলেন, আমি নেইমারকে অনেক পছন্দ করি। তার খেলাধুলা সবকিছুই আমার ভালো লাগে।
আর ব্যক্তিত্বের দিক থেকে মেসিকেও আমার পছন্দ।
ব্রাজিলের কট্টর সমর্থক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে অপু আরও বলেন, তার পরিবারেও ভিন্ন মত রয়েছে। তার ছেলে আব্রাহাম খান জয় আর্জেন্টিনার সমর্থক এবং মেসির ভক্ত। তিনি বলেন, আমি ব্রাজিলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। আমার ছেলে আর্জেন্টিনা সাপোর্ট করে।
বিশ্বকাপ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ঢাকাই সিনেমার এই অভিনেত্রী বলেন, বিশ্বকাপ মানেই তার কাছে এক ধরনের উৎসব।
তিনি বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা মানেই উত্তেজনায় ভরপুর এক পরিবেশ। ঈদের মতো একটা আমেজ তৈরি হয়। রাত দুইটা–তিনটা পর্যন্তও খেলা দেখি, রান্না শেষ করে আবার টিভির সামনে বসে পড়ি।
এদিকে দীর্ঘ চার বছর পর আবারও বসছে ফুটবল বিশ্বকাপের আসর। এবারের আসরে রেকর্ড ৪৮টি দল অংশ নিচ্ছে। বৃহস্পতিবার (১১ জুন) শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই বিশ্বকাপ উন্মাদনা।