জীবন কোনোদিনই সরল ছিল না— নতুন সিনেমার ট্রেলার শেয়ার করে জয়া

'Ajao Ardhangini' movie
অনলাইন ডেস্ক ২৬ জুন ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ২৬ জুন ২০২৬ ০৫:৩৬ অপরাহ্ন
জীবন কোনোদিনই সরল ছিল না— নতুন সিনেমার ট্রেলার শেয়ার করে জয়া
--সংগৃহীত ছবি

পর্দায় জয়া আহসানের আবির্ভাব মানেই নতুন কোনো চরিত্র, নতুন কোনো গল্প এবং নতুন এক আবেগের জগত। বাংলাদেশ থেকে কলকাতা, এমনকি বলিউড পর্যন্ত নিজের অভিনয়শক্তির ছাপ রেখে চলেছেন এই গুণী অভিনেত্রী।  

শুক্রবার (২৬ জুন) প্রকাশ পেয়েছে জয়া আহসান অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র দ্বিতীয় কিস্তি ‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার। সেটি সামাজিক মাধ্যমে নিজেও প্রকাশ করেন জয়া। সঙ্গে জীবনের জটিল সমীকরণ নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

পোস্টে জয়া আহসান লিখেছেন, জীবন কোনোদিনই সরল ছিলো না, হবেও না। তবু সমীকরণ বদলে বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ। সম্পর্কের নানা দিক তুলে ধরে তিনি আরও লেখেন, এই অনন্ত খোঁজের খেলায় কোনও প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। সব গণ্ডি মুছে যায়! এরকমই সামনে চলার কঠিন একটা দলিল ‘আজও অর্ধাঙ্গিনী’।

আগামী ১০ জুলাই কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে গুণী নির্মাতা কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই সিনেমাটি। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ ছিল সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েনের এক মর্মস্পর্শী গল্প, যা দর্শকদের ভাবতে শিখিয়েছিল সম্পর্কের ভাঙন, ভালোবাসা, অভিমান এবং ক্ষমার মতো গভীর বিষয়গুলো নিয়ে। 

এর আগে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া আহসান বলেছিলেন, অর্ধাঙ্গিনী ছিল অত্যন্ত পরিণত ও সংবেদনশীল একটি গল্প। সেই গল্পের পরবর্তী অংশে কাজ করতে পারাটা আমার জন্য আনন্দের। 

সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় নির্মিত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় আগের কিস্তির কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসানের পাশাপাশি এবার নতুন করে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায় ও অম্বরীশ ভট্টাচার্য। আগামী ১০ জুলাই সিনেমাটি মুক্তির পরই জানা যাবে প্রথম সিনেমার আবেগময় যাত্রাকে নতুন এই অধ্যায় কতটা এগিয়ে নিতে পারে।