দুই আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত

Two financial institutions decide not to pay dividends
অনলাইন ডেস্ক ০২ জুলাই ২০২৬ ০১:০০ অপরাহ্ন অর্থনীতি
অনলাইন ডেস্ক ০২ জুলাই ২০২৬ ০১:০০ অপরাহ্ন
দুই আর্থিক প্রতিষ্ঠানের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত
--সংগৃহীত ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বর্হিভূত দুটি আর্থিক প্রতিষ্ঠান- পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ও বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে কোম্পানি দুটি চলতি বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি–মার্চ ২০২৬) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে উভয় প্রতিষ্ঠানেরই লোকসান কমার তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানি দুটি পৃথকভাবে এই তথ্য প্রকাশ করেছে। এর আগে গত মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত কোম্পানি দুটির পৃথক পরিচালনা পর্ষদের সভায় ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত ও চলতি বছরের প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে।

পিপলস লিজিং

পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ২০২৫ হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১২ দশমিক ৮১ টাকা। এ বছর ‘নো ডিভিডেন্ডসহ’ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৭ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ উদ্দেশ্যে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুলাই। 

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ ২০২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৩ দশমিক ৩৯ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ দশমিক ৪৫ টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান কমেছে ৬ পয়সা বা প্রায় ২ শতাংশ। গত ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ১৫৮ দশমিক ০৪ টাকায়।

বে লিজিং

বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের ২০২৫ হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ দশমিক ৮৭ টাকা। কোম্পানিটির ‘নো ডিভিডেন্ডসহ’ অন্যান্য আলোচ্য বিষয় অনুমোদনের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ আগস্ট।

চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১ দশমিক ৪০ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ দশমিক ৭৭ টাকা। ফলে শেয়ারপ্রতি লোকসান কমেছে ৩৭ পয়সা বা প্রায় ২১ শতাংশ। গত ৩১ মার্চ পর্যন্ত বে লিজিংয়ের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ২১ দশমিক ০৫ টাকায়।