ব্যান্ড পার্টি ও পালকি নিয়ে ভোট দিতে এলেন অভিনেতা

Actor Shambhu Sarkar Sanjay
অনলাইন ডেস্ক ০৩ জুলাই ২০২৬ ০১:৩৫ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক ০৩ জুলাই ২০২৬ ০১:৩৫ অপরাহ্ন
ব্যান্ড পার্টি ও পালকি নিয়ে ভোট দিতে এলেন অভিনেতা
অভিনেতা শম্ভু সরকার সঞ্জয়। --সংগৃহীত ছবি

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের  দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

জুমার নামাজের জন্য দুপুরে এক ঘণ্টার বিরতি রয়েছে। এবার ভোটার সংখ্যা ৫৭৩।

সকালের দিকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও ভোটকেন্দ্রে ছিল উৎসবের আমেজ। ভোট দিতে আসা শিল্পীদের ফুল দিয়ে বরণ করে নেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

এদিকে ব্যান্ড পার্টি ও পালকি নিয়ে ব্যতিক্রমী আয়োজনে ভোট দিতে এফডিসিতে হাজির হন অভিনেতা শম্ভু সরকার সঞ্জয়। সোনালি রঙের পোশাক, কাঁধে শাল ও হাতে লাঠি নিয়ে ভোটকেন্দ্রের দিকে এগিয়ে যান এই অভিনেতা।

এফডিসির গেট দিয়ে ঢুকতেই তার পালকির শোভাযাত্রা ঘিরে তৈরি হয় উৎসবের আবহ। 

এবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এক প্যানেলে রয়েছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি, অন্য প্যানেলে শিবা সানু ও জয় চৌধুরী।

আরমান-মুক্তি পরিষদে সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা নূতন ও ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল লড়ছেন। কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান (চিকন আলী)।

অন্যদিকে, শিবা সানু-জয় চৌধুরী পরিষদে সহ-সভাপতি পদে ডি এ তায়েব ও রোজিনা, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মুশফিকুর রহমান কাকন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন আলীরাজ, ফরহাদ, শিপন মিত্র, ফিরোজ শাহী, ইয়ামীন হক ববি, হাসান জাহাঙ্গীর, শিরিন শিলা, ফাল্গুনী রহমান জলি, কায়েস আরজু ও কাবিলা।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান।