‘কাজ না পেলে বাড়িতে বসে থাকব, তবু সিরিয়াল করব না’
ভারতীয় সিরিয়াল বা ধারাবাহিক নাটকের জনপ্রিয়তা বাংলাদেশেও একসময় প্রবল ছিল। তবে ‘যাচ্ছেতাই’ গল্প আর দুর্বল নির্মাণের কারণে দিন দিন এর আবেদন কমে গেছে। এমনকি সেখানকার অভিনয়শিল্পীরাও এ নিয়ে হতাশ, ক্ষুব্ধ।
এই যেমন নন্দিত অভিনেত্রী লিলি চক্রবর্তী জানালেন, তার কাছে এখনকার ধারাবাহিকের গল্প মোটেও ভালো লাগে না। সেজন্য তিনি আর ধারাবাহিকে কাজ করতে চান না। আনন্দবাজারকে ‘সাঁঝবাতি’ অভিনেত্রী বলেন, “আমি আর ধারাবাহিকে অভিনয় করতে চাই না। শেষ ‘নিমফুলের মধু’ করেছিলাম। সেই ধারাবাহিকেও শেষের দিকে অভিনয় করতে ইচ্ছা করত না। অনেক ক্ষণ বসিয়ে রাখত। কোনো কাজ না পেলে বাড়িতে বসে থাকব, তবু ধারাবাহিকে অভিনয় করব না।”
ধারাবাহিকের গল্প প্রসঙ্গে লিলি চক্রবর্তী বলেন, ‘এখনকার ধারাবাহিকে গল্পের কোনো ঠিক নেই। না আছে মাথা, না আছে মুন্ডু। সকাল থেকে শুটিংয়ে গিয়ে বসে আছি, দেখি চিত্রনাট্যই এসে পৌঁছায়নি! মেকআপ রুমে বসে কত আর গল্প করব। এক এক দিন এমন হতো, সকাল থেকে বসে আছি, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, তখনও চিত্রনাট্য আসেনি। তা হলে দৃশ্য কখন আসবে? আমি অভিনয়ই বা কখন করব। ওরাই বা আমায় রাত ৮টার মধ্যে ছাড়বে কী করে!’
এদিকে ১০ জুলাই মুক্তি পাবে কৌশিক গাঙ্গুলির ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’। এতে অভিনয় করেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। সঙ্গে আরো আছেন জয়া আহসান, চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন প্রমুখ।