রাজধানীকে বাসযোগ্য করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে : প্রধানমন্ত্রী

Tarique Rahman
অনলাইন ডেস্ক ০৯ জুলাই ২০২৬ ০২:১২ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ০৯ জুলাই ২০২৬ ০২:১২ অপরাহ্ন
রাজধানীকে বাসযোগ্য করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান।--সংগৃহীত ছবি

বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাজধানীকে বাসযোগ্য করে তুলতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে পরিকল্পনাহীন শিল্পকারখানা স্থাপনের প্রবণতা থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এ অবস্থা থেকে বেরিয়ে আসা অত্যন্ত জরুরি। কিন্তু সভ্য দেশ হওয়ার পরও যত্রতত্র কলকারখানা নির্মাণ করা হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সম্পর্কে এখনও অনেক মানুষের পর্যাপ্ত সচেতনতা নেই। তাই পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে হবে।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করবে। তবে শুধু গাছ লাগালেই হবে না, কোন পরিবেশে কোন ধরনের গাছ রোপণ করা উপযুক্ত, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে ইউক্যালিপটাসের মতো পরিবেশের জন্য ক্ষতিকর গাছ লাগানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখায় তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক প্রদান করা হয়। এছাড়া বৃক্ষরোপণে অবদানের স্বীকৃতি হিসেবে সাতটি ক্যাটাগরিতে মোট ২১ জনকে জাতীয় পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৬ জুলাই বিশ্বের ১৭৩টি শহরের বাসযোগ্যতা মূল্যায়ন করে তালিকা প্রকাশ করে ইকোনমিস্ট গ্রুপের গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)। ওই তালিকায় বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। ২০২৫ সালেও একই অবস্থানে ছিল বাংলাদেশের রাজধানী।