অবশেষে অনুমতি, বিজয়ের শেষ ছবি শুধু ‘প্রাপ্তবয়স্ক’দের জন্য
অনেক আগেই থালাপতি বিজয় ঘোষণা দিয়েছিলেন, ‘জন নয়াগণ’ দিয়ে অভিনয় ক্যারিয়ারে ইতি টানবেন। এরই মধ্যে রাজনীতিতে এসে বিস্ময়কর জয়ের মধ্য দিয়ে তিনি হয়ে গেছেন ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী। অথচ সেই ছবি মুক্তির আলোয় এলো না।
কয়েক মাস ধরে নানা টালবাহানা চলছিল ছবিটি নিয়ে। অবশেষে মিলল অনুমতি। এবার মুক্তিতে পেতে যাচ্ছে ‘জন নয়াগণ’। আজ বিজয় নিজেই সুখবরটি নিশ্চিত করেছেন।
সেন্সর সার্টিফিকেট প্রাপ্তি উপলক্ষে ছবির একটি পোস্টার বানানো হয়েছে। তাতে লেখা রয়েছে ‘এ’ সার্টিফাইড। অর্থাৎ ছবিটি সেন্সর থেকে ‘এ’ রেটিং পেয়েছে, যার মানে এটি কেবল প্রাপ্তবয়স্ক দর্শকের জন্য।
পোস্টারের সঙ্গে বিজয় এ-ও জানান, শিগগিরই দেখা হবে সিনেমা হলে। তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে যুক্তরাজ্যে ছবিটি ২৪ জুলাই মুক্তি পাবে বলে জানিয়েছে সেখানকার পরিবেশক। সে হিসেবে ভারতেও একই দিনে মুক্তির সম্ভাবনা রয়েছে।
চলতি বছরের পোঙ্গাল উৎসবে ‘জন নয়াগণ’ মুক্তির কথা ছিল। কিন্তু সেন্সর ছাড়পত্র না পাওয়ায় সম্ভব হয়নি। এরপর দফায় দফায় নানা জটিলতার মুখে পড়েছে ছবিটি। এখন দেখার পালা, মুক্তির সময় নতুন কোনো প্রতিবন্ধকতা তৈরি হয় কিনা।
‘জন নয়াগণ’ ছবির গল্প আবর্তিত হয়েছে থালাপতি ভেট্রি কন্দন নামের এক সাবেক সরকারি কর্মকর্তা ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ঘিরে। সে ভিজি নামে এক কিশোরীকে দত্তক নিয়ে তাকে আত্মনির্ভর ও সাহসী নারী হিসেবে গড়ে তুলতে চায়। সহিংসতার প্রতি ভয় থাকা সত্ত্বেও মেয়েটিকে সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহিত করে। একপর্যায়ে ভারতের ওপর ভয়াবহ ধ্বংস ডেকে আনতে পারে—এমন এক বড় হুমকি সামনে আসে। সেই সংকটে জড়িয়ে পড়ে ভেট্রি কন্দন। একই সঙ্গে ব্যক্তিগত প্রতিশোধের একটি অধ্যায়ও সামনে আসে, যা তাকে ঘটনার নেপথ্যের পুরো ব্যবস্থার মুখোমুখি হতে এবং সত্য উদ্ঘাটনে বাধ্য করে।
এইচ বিনোদের এ ছবিতে থালাপতি বিজয়ের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারাইন, প্রিয়ামণি ও সুনীল। এছাড়া নির্মাতা অ্যাটলি, নেলসন দিলীপকুমার এবং লোকেশ কানাগারাজের বিশেষ উপস্থিতি রয়েছে।