রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

Rahul and Priyanka Gandhi detained
অনলাইন ডেস্ক ২১ জুলাই ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ২১ জুলাই ২০২৬ ০৮:৪২ অপরাহ্ন
রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
--সংগৃহীত ​ছবি: এনডিটিভি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের আরও কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রাহুল গান্ধীর নেতৃত্বে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন কংগ্রেস নেতারা। 

তাঁরা সিজেপি-র (CJP) ‘চলো সংসদ’ মিছিলে পুলিশের লাঠিচার্জ ও নির্যাতনের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালন করছিলেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোককল্যাণ মার্গের মতো উচ্চ নিরাপত্তা বলয়ে অবস্থান-বিক্ষোভ না করার বার্তা দিয়েছিলেন। কিন্তু তা উপেক্ষা করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের অদূরে রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গে, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ কংগ্রেস সাংসদেরা রাতভর অবস্থানের প্রস্তুতি নেয়া শুরু করেছিলেন। তাতে যোগ দিয়েছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবও। 

কিন্তু সন্ধ্যাতেই তাঁদের আটক করে বাসে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। এ সময় রাহুল গান্ধীর নাক থেকে রক্ত ঝরতে দেখা যায়।

মঙ্গলবার মোদীর বাংলোর সামনে অবস্থান কর্মসূচির আগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল এক্স পোস্টে লেখেন, ‘‘শিক্ষার্থীদের ওপর হামলা মানে প্রতিটি ভারতীয় পরিবারের ওপর হামলা। প্রধানমন্ত্রী মোদী মনে করেন যে তিনি কোনও জবাব না দিয়েই, কোনও পরিণতির মুখোমুখি না হয়েই পার পেয়ে যাবেন — পারবেন না, এবার তো একেবারেই না। আমি প্রত্যেক দেশপ্রেমিক ভারতীয়ের কাছে আবেদন জানাই, যিনি বিশ্বাস করেন যে আমাদের শিক্ষার্থীদের ন্যায়বিচার পাওয়া উচিত — প্রধানমন্ত্রী আবাসনের সামনে আমাদের ধর্নায় যোগ দিন। ভারতের শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে উপেক্ষা করা যায় না।’’

কংগ্রেস সাংসদদের পাশাপাশি দুই কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী, কেরলের ভিডি সতীশন এবং কর্নাটকের ডিকে শিবকুমারও মঙ্গলবার যোগ দিয়েছেন রাহুলদের বিক্ষোভে। প্রধানমন্ত্রী মোদীর লোককল্যাণ মার্গের বাংলোর অদূরে বিক্ষোভ শুরু করার পরে তাঁদের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ। উচ্চ নিরাপত্তা বলয়ের অন্তর্গত ওই এলাকা থেকে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান তিনি। এর পরে সেখান থেকে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পরে আবার লোককল্যাণ মার্গে ফিরে যান জিতেন্দ্র। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন ধর্নার প্রত্যাহারের জন্য শাহের ‘আবেদনের’ কথা জানান কংগ্রেস নেতৃত্বকে।

সূত্র: দ্য হিন্দু, এনডিটিভি, আনন্দবাজার