বিনামূল্যে ফেসবুক আইডি ভেরিফাই করার সুযোগ পাবেন যারা

Those who will get the opportunity to verify their Facebook ID for free
অনলাইন ডেস্ক ২৫ জুলাই ২০২৬ ০৩:৩৩ অপরাহ্ন তথ্যপ্রযুক্তি
অনলাইন ডেস্ক ২৫ জুলাই ২০২৬ ০৩:৩৩ অপরাহ্ন
বিনামূল্যে ফেসবুক আইডি ভেরিফাই করার সুযোগ পাবেন যারা
--সংগৃহীত ছবি

প্রতিদিন বেড়েই চলেছে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার। আর ফেসবুক এরমধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়। প্রতিদিন বিভিন্ন মানুষ একজন অন্যজনের সঙ্গে যুক্ত হচ্ছেন মাধ্যমটি ব্যবহার করে।  আর সে কারণেই নিরাপত্তা নিয়ে বেশি ভাবতে হচ্ছে। আর এই সমস্যার সমাধানে  ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার চালু করেছে মেটা। আর এতে কোনো ধরনের সাবস্ক্রিপশন ফি ছাড়াই ব্যবহারকারীরা নিজেদের পরিচয় যাচাই করে একটি বিশেষ ভেরিফায়েড ব্যাজ পেতে পারবেন।

মেটা ষ্টোরের এক প্রতিবেদনে তাদের পক্ষ থেকে জানানো হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির কারণে ভুয়া প্রোফাইল, কনটেন্ট ও বার্তা তৈরি করা এখন অনেক সহজ হয়ে গেছে। এই ভেরিফায়েড ব্যাজ থাকলে ব্যবহারকারীরা সহজেই বুঝতে পারবেন সংশ্লিষ্ট প্রোফাইলটি একজন ব্যক্তির। এটি ভুয়া আইডি নয় যা থেকে প্রতারিত হতে পারেন। মূলত নিরাপত্তা বাড়াতেই মেটার এই ফিচার। 

ফেসবুক ভেরিফায়েড পেতে ব্যবহারকারীকে একটি ছোট সেলফি ভিডিও ধারণ করতে হবে। এরপর সেই ভিডিওটি ব্যবহারকারীর বর্তমান প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে পরিচয় যাচাই করবে ফেসবুকের সিস্টেম। পুরো প্রক্রিয়াটি বিনামূল্যে এবং সাধারণত কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হবে। এই সুবিধা পেতে হলে ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডস মেনে চলতে হবে। বিশেষ করে প্রতারণা, জালিয়াতি বা বিভ্রান্তিকর কর্মকাণ্ডে জড়িত নয় এমন অ্যাকাউন্টই ভেরিফিকেশনের জন্য যোগ্য বিবেচিত হবে।

ভেরিফিকেশন সম্পন্ন হলে ব্যাজটি প্রথম পর্যায়ে ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুক ডেটিং, ফেসবুক গ্রুপস এবং ব্যবহারকারীর প্রোফাইলে দেখা যাবে। ভবিষ্যতে ফেসবুক ফিডের পোস্টেও এই ব্যাজ প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। মেটা জানিয়েছে, একবার পরিচয় যাচাই হলে একই ব্যাজ ফেসবুকের বিভিন্ন জায়গায় স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। এর জন্য আলাদা কোনো সাবস্ক্রিপশন বা অতিরিক্ত অর্থ পরিশোধের প্রয়োজন হবে না।

প্রাথমিকভাবে এই সুবিধা কেবল যোগ্য ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের জন্য চালু হচ্ছে। ফেসবুক পেজ এবং প্রো মোড অ্যাকাউন্টে আপাতত এই ভেরিফিকেশন সুবিধা পাওয়া যাবে না। নির্বাচিত কয়েকটি দেশে ধাপে ধাপে ফিচারটি চালু করা হচ্ছে। পরে এটি বিশ্বব্যাপী বিস্তৃত করা হবে।