প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন : প্রধানমন্ত্রী
তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার মধ্য দিয়ে সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তিনি তাঁদের হাতে এই নিয়োগপত্র তুলে দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জুলফিকার হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।
কর্মসংস্থানের সুযোগ তৈরি করে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চাকরিপ্রাপ্তরা।
নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন- সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন, গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।
শারীরিক প্রতিবন্ধকতা জয় করা নীলা খাতুন ও আয়শা আক্তার দুজনই জন্ম থেকে হাত না থাকায় পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এর মধ্যে নীলা খাতুনকে রাজধানীর মিরপুরের জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে এবং আয়শা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। হাত না থাকায় মুখ দিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে নিজের নিয়োগপত্র গ্রহণ করেন আয়শা। অন্যদিকে দৃষ্টিপ্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপত্র হস্তান্তরকালে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধী তিন ব্যক্তিকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল। নিয়োগপত্র বিতরণের পর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।