রাজশাহী বোর্ডে এসএসসির ফলে ধস, ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার ৬৩.৬৭ শতাংশ

Pass rate 63.67 percent
আবুল কালাম আজাদ,রাজশাহী:- ১০ আগস্ট ২০২৬ ০২:০৭ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
আবুল কালাম আজাদ,রাজশাহী:- ১০ আগস্ট ২০২৬ ০২:০৭ অপরাহ্ন
রাজশাহী বোর্ডে এসএসসির ফলে ধস, ৭ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার ৬৩.৬৭ শতাংশ
রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলে বড় ধরনের অবনতি হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলে বড় ধরনের অবনতি হয়েছে। পাসের হার নেমে এসেছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে, যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১৪ শতাংশীয় পয়েন্ট। একই সঙ্গে শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যাও ৯৯ থেকে কমে দাঁড়িয়েছে মাত্র ৩৫টিতে।

সোমবার (১০ আগস্ট) রাজশাহী শিক্ষা বোর্ড প্রকাশিত গত সাত বছরের তুলনামূলক ফলাফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।


বোর্ডের তথ্য অনুযায়ী, চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৯০৮ জন। অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১ লাখ ১২ হাজার জন উত্তীর্ণ হয়েছে।

গত সাত বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। ২০২৪ সালে ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ, ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ, ২০২১ সালে ৯৪ দশমিক ৯১ শতাংশ এবং ২০২০ সালে ৯০ দশমিক ৭৯ শতাংশ। অর্থাৎ এই সাত বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে নিচে নেমেছে।


ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা:-

ফলাফলে এবারও ছাত্রীদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। বিপরীতে ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ। ফলে পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ১৩ দশমিক ৪০ শতাংশীয় পয়েন্ট এগিয়ে রয়েছে।

জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রেও ছাত্রীদের সাফল্য বেশি। এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে মোট ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৮ হাজার ৯৯১ জন এবং ছাত্র ৭ হাজার ১২২ জন।


শতভাগ পাস বিদ্যালয়েও বড় পতন:-

শুধু সামগ্রিক পাসের হারেই নয়, বিদ্যালয়ভিত্তিক ফলাফলেও বড় ধরনের পরিবর্তন এসেছে। এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডের মাত্র ৩৫টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। অথচ গত বছর, অর্থাৎ ২০২৫ সালে শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা ছিল ৯৯টি।

এর আগে ২০২৪ সালে ২৮৯টি, ২০২৩ সালে ১৭৮টি, ২০২২ সালে ১৪৭টি, ২০২১ সালে ৩৬৮টি এবং ২০২০ সালে ৩০৮টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী পাস করেছিল।

অর্থাৎ এক বছরের ব্যবধানে শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা কমেছে ৬৪টি। সাত বছরের তুলনায়ও এবার এই সংখ্যা সর্বনিম্ন।


‘কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিতে জোর’:-

ফলাফলের এমন অবনতির কারণ জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ইফফাত জেরিন বলেন, “বর্তমান সরকার কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিতে জোর দিয়েছে। এ জন্য শুরুতে তো একটু ধাক্কা খেতেই হবে। আমরা আশা করছি, সামনে বোর্ডের ফলাফল আরও ভালো হবে।”

শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরের ধারাবাহিক সাফল্যের পর এবার রাজশাহী বোর্ডের এসএসসি ফলাফলে বড় ধরনের নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। বিশেষ করে পাসের হার ও শতভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা কমে যাওয়ায় ফলাফল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।