বগুড়ায় বিআরটিসির মহিলা বাস সার্ভিস চালু হলো

BRTC women's bus service launched
অনলাইন ডেস্ক ১৮ আগস্ট ২০২৬ ১২:৩২ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১৮ আগস্ট ২০২৬ ১২:৩২ অপরাহ্ন
বগুড়ায়  বিআরটিসির মহিলা বাস সার্ভিস চালু হলো
--সংগৃহীত ছবি

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ মহিলা বাস সার্ভিস। গোলাপি রঙের এই বাসে চালক, কন্ডাক্টর ও হেলপার হিসেবে দায়িত্ব পালন করবেন নারী কর্মীরা। বাসের যাত্রীও থাকবেন নারী।


মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া বিআরটিসি ডিপো প্রাঙ্গণে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।


প্রাথমিকভাবে বগুড়ায় দুটি বাস এই সেবায় যুক্ত হয়েছে। এর একটি শেরপুর-মাটিডালি রুটে চলাচল করবে। এছাড়া বগুড়ার অন্যান্য গুরুত্বপূর্ণ রুটেও পর্যায়ক্রমে এ সেবা সম্প্রসারণের কথা জানিয়েছে বিআরটিসি।


বিআরটিসি সূত্রে জানা গেছে, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন রুটে নারীদের জন্য বিশেষ এই বাস সার্ভিস চালু করা হচ্ছে। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে প্রাথমিকভাবে ১০টি বাস চালু করা হয়েছে। ঢাকার বাইরে বগুড়া ও চট্টগ্রামে দুটি করে বাসসহ আরও চারটি বাস এ সেবায় যুক্ত হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, দেশের তিনটি জেলায় নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু হচ্ছে। এর মধ্যে বগুড়াও রয়েছে। বগুড়ায় শেরপুর থেকে মাটিডালি এবং মোকামতলা থেকে বনানী রুটে এই সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।


তিনি বলেন, এই বাসে চালক, কন্ডাক্টর ও হেলপার সবাই নারী থাকবেন এবং যাত্রীরাও নারী হবেন। নারীদের জন্য বিশেষ এই বাস সার্ভিস তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করবে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। পর্যায়ক্রমে দেশের সব এলাকায় এই সেবা চালু হবে বলে তিনি আশা করেন।


অনুষ্ঠানে বগুড়া মহিলা দলের নেত্রী নাজমা আক্তার বলেন, কর্মজীবী নারীদের প্রতিদিন কর্মস্থলে যাতায়াত করতে নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়। বিশেষ করে গণপরিবহনে তাদের নানা বিড়ম্বনা সহ্য করতে হয়। নারী যাত্রীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু হওয়ায় এই ভোগান্তি অনেকটাই কমবে বলে তিনি আশা করেন।


বিআরটিসির ট্রেনিং সুপারভাইজার ফেরদৌসী আক্তার দোলন বলেন, মহিলাদের জন্য এমন একটি বাস সার্ভিস চালু হওয়ায় আমরা খুবই আনন্দিত। এতে নারীরা আরও স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে যাতায়াত করতে পারবেন। এটি নারীদের জন্য সম্মানেরও বিষয়।


বগুড়া বিআরটিসির নারী প্রশিক্ষক সুবর্ণা খাতুন বলেন, সরকারের এটি খুবই ভালো একটি উদ্যোগ। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থী ও কর্মজীবী নারীরা নিরাপদে যাতায়াতের সুযোগ পাবেন। তবে বগুড়ায় বাসের সংখ্যা আরও বাড়ানো হলে নারীরা আরও বেশি উপকৃত হবেন।


তিনি জানান, নারী চালক তৈরির জন্য বিআরটিসির প্রশিক্ষণ কার্যক্রমও চলছে। দক্ষ নারী চালক ও প্রশিক্ষিত কর্মী বাড়ানোর মাধ্যমে ভবিষ্যতে এ সেবা আরও সম্প্রসারণ করা সম্ভব হবে।


বিআরটিসি সূত্র জানায়, দেশে নারীদের জন্য আলাদা বাস চালুর উদ্যোগ প্রথম নেওয়া হয় ১৯৯৮ সালে পরীক্ষামূলকভাবে। পরে ২০০১ সালে ঢাকা ও আশপাশের এলাকায় এ সেবা সম্প্রসারণ করা হয়। বিভিন্ন সময়ে সেবাটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হলেও ২০২২ সালের অক্টোবরে নারীদের জন্য বিশেষ এই পরিবহনসেবা বন্ধ হয়ে যায়।


নতুন করে চালু হওয়া এই সেবা বগুড়ার কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।