বদলগাছীতে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, ব্যাংক কর্মকর্তার মৃত্যু
জমির উৎপাদিত শিম বিক্রি করে সকাল ৯টার অফিসে যোগ দেওয়ার কথা ছিল ব্যাংক কর্মকর্তা আব্দুল হান্নানের (৪১)। তবে বাজারে যাওয়ার পথেই দুই ট্রাকের মাঝে পড়ে প্রাণ হারালেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) সকাল ৫টা ৪৫ মিনিটের দিকে নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান (৪১)উপজেলার মিঠাপুর ইউনিয়নের রুকুনপুর গ্রামের রমজান আলীর ছেলে। তিনি আক্কেলপুরে রূপালী ব্যাংকের একটি শাখায় কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের জমিতে উৎপাদিত শিম দুটি বড় ব্যাগে ভরে মোটরসাইকেলের দুই পাশে ঝুলিয়ে আক্কেলপুর বাজারে যাচ্ছিলেন হান্নান। শিম বিক্রি করে তাঁর অফিসে যাওয়ার কথা ছিল। পথে ভান্ডারপুর হয়ে আক্কেলপুর যাওয়ার সময় কেশাইল মোড়ে পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তিনি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ভোর ৫টা ৪৫মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। সড়কের এক পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুবাহী ট্রাক থেকে বালু নামানোর কারণে ওই স্থানে সড়ক সংকীর্ণ হয়ে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবাহী ট্রাকের সঙ্গে হান্নানের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় আব্দুল হান্নানের বাম হাতসহ শরীরের বাম পাশে গুরুতর আঘাত লাগে।
সাথেসাথে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় দুর্ঘটনাকবলিত পাথরবাহী ট্রাক(মেট্রো ট ১৮-০২৯৮) ও১২৫সিসি মোটরসাইকেলটি (নওগাঁ হ ১৮-০৫৩৫) জব্দ করা হয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে মোটরসাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে। জব্দ করা গাড়ি দুটিকে থানায় আনার ব্যাবস্থা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।