বদলগাছী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলামের বিরুদ্ধে উৎকোচ দাবির অভিযোগ

Nazrul Islam accused of demanding bribe
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ১৮ আগস্ট ২০২৬ ০২:৩১ অপরাহ্ন সারা বাংলা
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ১৮ আগস্ট ২০২৬ ০২:৩১ অপরাহ্ন
বদলগাছী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলামের বিরুদ্ধে উৎকোচ দাবির অভিযোগ
নওগাঁর বদলগাছী থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলামের বিরুদ্ধে উৎকোচ দাবি ও পক্ষপাতমূলক তদন্ত প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে।

নওগাঁর বদলগাছী থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলামের বিরুদ্ধে উৎকোচ দাবি ও পক্ষপাতমূলক তদন্ত প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শাহিদ হোসেন নামে এক ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।


লিখিত অভিযোগে শাহিদ হোসেন উল্লেখ করেন, বদলগাছী বাসস্ট্যান্ড এলাকার বিকাশ ব্যবসায়ী মো. শাকিল হোসেনের কাছে তার ৪ লাখ টাকা পাওনা রয়েছে। ওই টাকা আদায়ের দাবিতে তিনি নওগাঁর ৫ নম্বর আমলি আদালতে সিআর মামলা নং-১০৩/২৬ (বদলগাছী) দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।


অভিযোগে শাহিদ হোসেন বলেন, মামলাটির তদন্তভার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলামের ওপর ন্যস্ত হওয়ার পর তিনি তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে সুষ্ঠু তদন্তের অনুরোধ করেন। এ সময় তার কাছে উৎকোচ দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি। তবে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তদন্ত কর্মকর্তা তার ওপর অসন্তুষ্ট হন এবং পরবর্তীতে মামলায় পক্ষপাতমূলক তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন বলে অভিযোগ করেন শাহিদ।


তার আরও দাবি, তদন্ত কর্মকর্তা বিবাদীপক্ষের প্রভাবে সুষ্ঠু তদন্ত না করে মনগড়া ও অসত্য তথ্যের ভিত্তিতে প্রতিবেদন দিয়েছেন। এ ঘটনায় তিনি তদন্ত প্রতিবেদন পুনঃপর্যালোচনা করে নিরপেক্ষ তদন্তের পাশাপাশি অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


অভিযোগের অনুলিপি রাজশাহী রেঞ্জের ডিআইজি ও নওগাঁর পুলিশ সুপারের কাছেও দেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।


এ বিষয়ে জানতে চাইলে বদলগাছী থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলামের মোবাইলে জানান, এ বিষয়ে আমি অবগত নই।


এ বিষয়ে জানতে চাইলে জানতে চাইলে নওগাঁ জেলা পুলিশ সুপার(এসপি)তারিকুল ইসলাম মোবাইলে জানান, অভিযোগ হাতে পেলে আমরা অভিযোগটি সিনিয়র অফিসার দারা তদন্ত করে দেখবো।