আমবাগানে মিলল ওয়ান শুটারগান, গুলি ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগানের ভেতর থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
বুধবার (২০ আগস্ট) দিবাগত রাতে ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধসংলগ্ন ফাঁসিতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করা হয়।
র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প (সিপিসি-১) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত পৌনে ১২টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি বুলেট, দুটি হাসুয়া, এক কেজি ৮৫০ গ্রাম গানপাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়।
র্যাবের দাবি, উদ্ধার হওয়া আলামতের মধ্যে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির উপকরণ রয়েছে। তবে অভিযানের সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৫ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মামলার বাদী এসআই (নিঃ) আখতারুজ্জামান। পরে উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে শিবগঞ্জ থানায় হস্থান্তর করা হয়েছে।