চুলায় আগুন জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪

Explosion while lighting a fire in the stove
অনলাইন ডেস্ক ২১ নভেম্বর ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২১ নভেম্বর ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন
চুলায় আগুন জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪
--সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্নার চুলায় আগুন জ্বালাতে গিয়ে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারীসহ ৪ জন দগ্ধ হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে পশ্চিম মাসদাইর এলাকার আসলাম মিয়ার ৪ তলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়লে দরজা-জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

দগ্ধ ব্যক্তিরা হলেন- শাহিন, তার স্ত্রী লিমা পারভীন এবং তাদের ২ আত্মীয়। ৪ জনকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সকালে ঘুম থেকে উঠে রান্নার জন্য চুলায় আগুন ধরাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে ফ্ল্যাটে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় ঘরের দরজা-জানালা বন্ধ থাকায় ভেতরে গ্যাস জমে থাকতে পারে বলে ধারণা করছেন তারা। চুলার গ্যাসের চাবি খোলা থাকা কিংবা পাইপলাইনে লিকেজ থেকে এ পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে।

বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফ্ল্যাটের ভেতর থেকে দগ্ধ ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটের দরজা-জানালা ও আসবাবপত্র ভেঙে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল কাজ করছে। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।