বৃষ্টিভেজা কাদামাঠে দুরন্ত শৈশব: মাছ ধরার আনন্দে হারিয়েছে ক্ষুধা-তৃষ্ণা
আকাশ থেকে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। চারপাশে স্নিগ্ধ বাতাস আর কাদামাটির সোঁদা গন্ধ। এমন বৃষ্টিভেজা পরিবেশে মা-বাবার বারণ উপেক্ষা করে কাদামাখা মাঠে মাছ ধরার উৎসবে মেতে উঠেছে একদল দুরন্ত শিশু।
সকাল গড়িয়ে দুপুর হলেও বাড়ি ফেরার তাড়া নেই কারও, নেই পেটের ক্ষুধার খেয়ালও। অসুখ-বিসুখের শঙ্কা কিংবা বাড়ি ফিরে মায়ের বকুনির ভয়কে তুচ্ছ করে তারা মগ্ন কাদা ঘেঁটে মাছ শিকারের এক রোমাঞ্চকর অভিযানে।
সম্প্রতি রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর গ্রামে দেখা গেছে গ্রামবাংলার চিরচেনা ও হারিয়ে যেতে বসা শৈশবের এমনই এক আবেগঘন দৃশ্য।
সরেজমিনে দেখা যায়, বৃষ্টিতে ভিজে সারা গায়ে কাদা মেখে মাছ খুঁজছে শিশুরা। কারও হাতে ধরা পড়ছে পুঁটি, খলসে বা ছোট টেংরা মাছ, কেউ আবার কাদার নিচে হাত ডুবিয়ে চলমান অনুসন্ধানে ব্যস্ত। মাছ হাতে উঠলেই শিশুদের মুখে ফুটে উঠছে বিশ্বজয়ের হাসি। ধরা মাছগুলো ছোট্ট পাত্রে জমিয়ে রাখছে তারা। কে কত বেশি বা বড় মাছ ধরতে পারে, তা নিয়ে ছোট্ট মনের ভেতর চলছে নির্মল প্রতিযোগিতা, খুনসুটি আর হাসি-ঠাট্টা।
মাছ ধরতে আসা শিশু সিহাব উচ্ছ্বাস নিয়ে জানায়, সকাল থেকেই কয়েকজন বন্ধু মিলে তারা মাঠে নেমেছে। কার পাত্রে কয়টি মাছ জমল, তা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা চলছে। বৃষ্টিতে ভিজে মাছ ধরতে তার ভীষণ ভালো লাগছে।
আরেক শিশু রুদ্র বলে, "ছোট মাছ হলেও নিজের হাতে ধরতে পারলে খুব আনন্দ লাগে। পাত্রে মাছগুলো জমিয়ে রাখছি, খেলা শেষে বাড়িতে নিয়ে যাব।
শিশুদের এই দুরন্তপনা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় প্রবীণ ব্যক্তিরাও। খোর্দ্দগোবিন্দপুর গ্রামের প্রবীণ বাসিন্দা আবুল কাশেম (৭২) স্মৃতিকাতর কণ্ঠে বলেন, "ওদের দেখে আমাদের নিজেদের শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও ঠিক এভাবেই বৃষ্টির দিনে মা-বাবার চোখ ফাঁকি দিয়ে কাদাপানিতে নেমে পড়তাম। দুপুরের খাবারের কথা ভুলে যেতাম। আজকালকার বাচ্চারা তো মোবাইল ফোনেই বন্দী থাকে। দীর্ঘদিন পর গ্রামের মাঠে শিশুদের এমন প্রাণবন্ত দৃশ্য দেখে মনটা ভরে গেল।
বিষয়টিকে শিশুদের মানসিক বিকাশের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় শিক্ষকেরা। সরদহ এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুবুর রহমান বলেন, "যান্ত্রিকতা ও প্রযুক্তির এই যুগে শিশুরা প্রকৃতির সান্নিধ্য থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে। কাদামাটি আর বৃষ্টির সঙ্গে শিশুদের এই সখ্যতা তাদের শৈশবকে সজীব ও প্রাণবন্ত রাখে। বইয়ের পাতার পাশাপাশি প্রকৃতির এই পাঠশালা থেকেও তারা অনেক কিছু শিখছে, যা তাদের নির্মল আনন্দ দেয়।
আধুনিকতার ছোঁয়ায় গ্রামীণ খেলাধুলায় নানা পরিবর্তন এলেও খোর্দ্দগোবিন্দপুরের কাদামাখা মাঠের এই দৃশ্য যেন মনে করিয়ে দেয় সেই সোনালি অতীতের কথা—যেখানে এক পশলা বৃষ্টি আর কাদামাটিই ছিল শৈশবের সবচেয়ে বড় আনন্দের উৎস।