‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’

Salim Bhuiyan
অনলাইন ডেস্ক ২১ নভেম্বর ২০২৬ ০৭:৪১ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ২১ নভেম্বর ২০২৬ ০৭:৪১ অপরাহ্ন
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’
--সংগৃহীত ছবি

আগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।


তিনি বলেছেন, গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না।


গত ১৭ বছর ফ্যাসিস্ট আমলে অনেক শিক্ষক জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। আবার যেসব শিক্ষক ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছেন, তাদের প্রমাণসহ তালিকা দেবেন।


সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা কারও ওপর জুলুম বা অন্যায় করতে চাই না।

তবে আমাদের দুর্বল মনে করলে ছেড়েও দেব না।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেলিম ভূঁইয়া এ কথা বলেন।


সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকের প্রসঙ্গ তুলে এমপি সেলিম ভূঁইয়া বলেন, তাকে (সাবেক শিক্ষামন্ত্রী) আটকের পর অনেকেই সমালোচনা করছেন। একজন বয়স্ক মানুষকে আটক করা নিয়ে প্রশ্ন তুলছেন। অথচ বিএনপি নেতা এম কে আনোয়ারকেও ৮৬ বছর বয়সে আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। তাকে ধরে ধরে আদালতে ওঠানো হতো, এমনকি হ্যান্ডকাফও পরানো হয়েছিল।

 

নিজের রাজনৈতিক জীবনে নির্যাতনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাকেও হ্যান্ডকাফ পরিয়ে টেনে-হিঁচড়ে আদালতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ৪০টি মামলা ছিল। পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও গোয়েন্দা পুলিশের মাধ্যমে তুলে নেওয়া হয়েছিল। এমনকি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় বাসে আগুন দেওয়ার অভিযোগও আনা হয়েছিল। এসব অভিজ্ঞতা আমরা ভুলে যাইনি। আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করতে চান না। তবে কাউকে দুর্বল ভাবার সুযোগ নেই।


শিক্ষাব্যবস্থায় বিগত ১৭ বছরে ইতিহাস বিকৃতির অভিযোগ করে সেলিম ভূঁইয়া বলেন, ওই সময়ে পাঠ্যবইয়ে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উপস্থাপন করা হয়েছে। শিক্ষকদের দিয়ে এসব বিষয় লেখানো ও শিক্ষার্থীদের পড়ানো হয়েছে। তার দাবি, এক্ষেত্রে শিক্ষকদেরও ব্যবহার করা হয়েছিল।


১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উপস্থাপনের বিষয়ে আমার আপত্তি রয়েছে। ওই দুর্ভিক্ষে মানুষ না খেয়ে রাস্তায় মারা গেছে, এমনকি অনেকের লাশ দাফন করার মতো লোকও পাওয়া যায়নি।


সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশ। বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লাহ মজুমদার এবং বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন।


সম্মেলন পরিচালনা করেন বাকশিসের সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহার দোলন এবং সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।

সূত্র  : বাংলানিউজ