রাজশাহীতে দুই বিএনপি নেতার আশ্রয় থেকে আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার

AL and Jubo League leaders arrested
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- ২০ নভেম্বর ২০২৬ ০৬:৩৮ অপরাহ্ন রাজনীতি
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:- ২০ নভেম্বর ২০২৬ ০৬:৩৮ অপরাহ্ন
রাজশাহীতে দুই বিএনপি নেতার আশ্রয় থেকে আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার
রাজশাহীর পবা ও পুঠিয়া উপজেলায় স্থানীয় দুই বিএনপি নেতার আশ্রয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

​রাজশাহীর পবা ও পুঠিয়া উপজেলায় স্থানীয় দুই বিএনপি নেতার আশ্রয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল এবং নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব।

শুক্রবার (২০ নভেম্বর) সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাদের আদালতের সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে অভিযান চালায় পুলিশ। সেখানকার স্থানীয় বিএনপি নেতা এবং পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুনের শ্বশুর আব্দুর রশীদের বাড়ি থেকে যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করা হয়।

​পুলিশ জানায়, হাবিব দীর্ঘদিন ধরে সম্পর্কে ভায়রা-ভাই আব্দুর রশীদের ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন। সেখান থেকেই তিনি ভার্চুয়ালি দলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতেন। এরই ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে মাইক্রোবাস, প্রাইভেটকার ও পিকআপে আসা একদল মুখোশধারী ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করে। এ সময় একাধিক ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় হাবিবের সম্পৃক্ততা পাওয়া গেছে। তার বিরুদ্ধে হত্যা ও জুলাই আন্দোলনে হামলাসহ মোট ২১টি মামলা রয়েছে।

​এদিকে, যুবলীগ নেতাকে আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিক আব্দুর রশীদকে গ্রেফতারের দাবি তুলেছেন স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। তাদের অভিযোগ, অভিযানের সময় আশ্রয়দাতাকে গ্রেফতারের দাবি জানানো হলেও পুলিশ ‘উপর মহলের নির্দেশ নেই’ বলে তা এড়িয়ে যায়। এ নিয়ে তৃণমূলে ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় নেতাদের মতে, নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের আশ্রয়দাতাদের আইনের আওতায় আনা না হলে অন্যরাও এমন কাজে উৎসাহিত হবে।

​অপর এক অভিযানে পবা থানা পুলিশ উপজেলার বিএনপি নেতা শাহজাহানের মালিকানাধীন ‘শিমুল অটো ফ্লাওয়ার মিল’ থেকে রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজালকে গ্রেফতার করে।

​অন্যদিকে, বৃহস্পতিবার রাতে রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকা এবং পবা উপজেলার পারিলা এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।