মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা কফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার

Former Chhatra League leader arrested with cough syrup and marijuana
রুয়েট প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ ০৮:১৩ অপরাহ্ন আইন-আদালত
রুয়েট প্রতিনিধি: ১৯ নভেম্বর ২০২৬ ০৮:১৩ অপরাহ্ন
মোহাম্মদপুরে রুয়েটের সাবেক ছাত্রলীগ নেতা কফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার
কফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী শামীম।

রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকা থেকে কফ সিরাপ ও গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী শামীম। বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে একটি বাসায় অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১৪ বোতল কফ সিরাপ ও এক পুরিয়া গাঁজা উদ্ধারের দাবি করেছে পুলিশ।

গোলাম রব্বানী শামীম রুয়েটের সেলিম হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিটির সদস্য বলে পুলিশ জানিয়েছে। তাঁর বয়স ৩৮ বছর। তাঁর পিতার নাম মৃত মোহাম্মদ জহির উদ্দিন। তাঁর পৈতৃক বাড়ি শেরপুর জেলায় বলে জানা গেছে।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৮টা ১০ মিনিটের দিকে নবোদয় হাউজিংয়ের একটি বাসায় অভিযান চালানো হয়। অভিযানে তাঁকে গ্রেপ্তারের পাশাপাশি ১৪ বোতল কফ সিরাপ ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তের বরাতে জানানো হয়েছে, মোবাইল ফোনের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন শামীম। রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং দলটির ঝটিকা মিছিল ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে পুলিশের দাবি।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।