হাফ ম্যারাথনের পর মেহেরচন্ডির সড়কে আবর্জনার স্তুপ

Garbage piles up on Meherchandi road after half marathon
ছোটন সরদার ২১ নভেম্বর ২০২৬ ০৪:২১ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ২১ নভেম্বর ২০২৬ ০৪:২১ অপরাহ্ন
হাফ ম্যারাথনের পর মেহেরচন্ডির সড়কে আবর্জনার স্তুপ
রাজশাহীতে হাফ ম্যারাথন আয়োজনের পর সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে ব্যবহৃত পানির কাপ, খাবারের প্যাকেটসহ বিভিন্ন ধরনের বর্জ্য।

রাজশাহীতে হাফ ম্যারাথন আয়োজনের পর সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে ব্যবহৃত পানির কাপ, খাবারের প্যাকেটসহ বিভিন্ন ধরনের বর্জ্য। গতকাল রাজশাহী রানার্স কমিউনিটির উদ্যোগে আয়োজিত হাফ ম্যারাথন শেষে নগরের মেহেরচন্ডি এলাকায় এমন চিত্র দেখা যায়। এতে আয়োজকদের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা ও পরিবেশগত দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও স্থানীয়দের প্রকাশিত তথ্য অনুযায়ী, ম্যারাথনের রুটের বিভিন্ন স্থানে পড়ে ছিল অসংখ্য ব্যবহৃত পানির কাপ ও খাবারের প্যাকেট। বিশেষ করে দৌড়বিদদের পানি সরবরাহের জন্য নির্ধারিত হাইড্রেশন পয়েন্টগুলোর আশপাশে ছড়িয়ে ছিল এসব বর্জ্য।

রাজশাহীকে পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় যখন বিভিন্ন মহল থেকে ব্যক্ত করা হচ্ছে, তখন একটি ক্রীড়া আয়োজনের পর সড়কে এমন আবর্জনা পড়ে থাকা নগরবাসীর মধ্যে অসন্তোষ তৈরি করেছে।

হাফ ম্যারাথন নিঃসন্দেহে একটি ইতিবাচক আয়োজন। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে শরীরচর্চার আগ্রহ বাড়ায়, সুস্থ জীবনযাপনে উৎসাহিত করে এবং খেলাধুলার প্রসারে ভূমিকা রাখে। তবে একটি আয়োজন সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি আয়োজনস্থল পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আয়োজকদের পরিকল্পনার অংশ হওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিকেরা।

তাঁদের মতে, ম্যারাথনের রুট নির্ধারণ, দৌড়বিদদের জন্য পানি ও খাবারের ব্যবস্থা, মেডেল ও টি-শার্ট বিতরণের পাশাপাশি ব্যবহৃত কাপ ও খাবারের প্যাকেট সংগ্রহ এবং অনুষ্ঠান শেষে পুরো এলাকা পরিষ্কারের ব্যবস্থাও রাখা জরুরি। অন্যথায় জনসচেতনতামূলক কিংবা ইতিবাচক আয়োজনও পরিবেশের জন্য নেতিবাচক পরিস্থিতি তৈরি করতে পারে।তবে নগরবাসী চান, রাজশাহীতে এ ধরনের ক্রীড়া আয়োজন আরও বাড়ুক। একই সঙ্গে আয়োজকেরা যেন পরিবেশ ও নগরের সৌন্দর্য রক্ষার বিষয়টিও সমান গুরুত্ব দেন।

রাজশাহী রানার্স কমিউনিটির প্রতি সংশ্লিষ্ট স্থানগুলো থেকে দ্রুত বর্জ্য অপসারণ এবং ভবিষ্যতে প্রতিটি আয়োজনের পর পরিচ্ছন্নতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকেরা।

তাঁদের মতে, দৌড়ে ফিনিশিং লাইন অতিক্রম করাই একটি আয়োজনের শেষ দায়িত্ব নয়; আয়োজনস্থল পরিচ্ছন্ন করে নগরবাসীর জন্য রেখে যাওয়াও আয়োজকদের দায়িত্বের অংশ। কারণ, শহরকে ভালোবাসার প্রমাণ শুধু স্লোগানে নয়, কাজেও দিতে হয়।