ঐক্য রক্ষায় যে কৌশল অবলম্বন করেছিলেন নবী হারুন (আ.)

The strategy adopted by Prophet Aaron (peace be upon him) to maintain unity
অনলাইন ডেস্ক ২২ নভেম্বর ২০২৬ ০১:২৭ অপরাহ্ন ধর্ম
অনলাইন ডেস্ক ২২ নভেম্বর ২০২৬ ০১:২৭ অপরাহ্ন
ঐক্য রক্ষায় যে কৌশল অবলম্বন করেছিলেন নবী হারুন (আ.)
আল্লাহ তায়ালার কাছ থেকে ওহী লাভের জন্য তুর পর্বতে যান নবী মুসা (আ.)।--সংগৃহীত ছবি

আল্লাহ তায়ালার কাছ থেকে ওহী লাভের জন্য তুর পর্বতে যান নবী মুসা (আ.)। এ সময় আল্লাহ তায়ালার নির্দেশে নিজের ভাই হজরত হারুন (আ.)-কে বনী ইসরাঈলের নেতৃত্ব ও দেখাশোনার দায়িত্ব দেন মুসা (আ.)। 


নবী মুসা (আ.)-এর অনুপস্থিতিতে সামেরি নামক এক ব্যক্তির প্ররোচনায় গো-বাছুরের উপাসনায় লিপ্ত হয় বনি ইসরাইল, তখন নবী হারুন (আ.) বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন। অন্যায়ের প্রতিবাদ করার পাশাপাশি তিনি সম্প্রদায়ের ঐক্য ও সংহতি রক্ষার চেষ্টা করেন। তার সেই ঘটনা থেকে বর্তমান মুসলিম সমাজের জন্যও রয়েছে গুরুত্বপূর্ণ শিক্ষা।


সামেরি গো-বাছুরের আকৃতির একটি মূর্তি তৈরি করে, সেই মূর্তির ভেতর থেকে গরুর ডাকের মতো শব্দ বের হতো। এরপর মানুষকে আল্লাহর পরিবর্তে সেই মূর্তির উপাসনা করতে প্ররোচিত করে। সুরা ত্বহাসহ পবিত্র কোরআনের বিভিন্ন স্থানে এ ঘটনা বর্ণিত হয়েছে।


সে সময় হারুন (আ.) ছিলেন বনি ইসরাইলের নেতৃত্ব ও সার্বিক দেখভালের দায়িত্বে। তিনি মুসা (আ.)-এর প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।


হারুন (আ.) গো-বাছুরের উপাসনার বিষয়টি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বনি ইসরাইলকে সতর্ক করে বলেছিলেন, ‘হে আমার সম্প্রদায়! তোমরা তো এর মাধ্যমে পরীক্ষায় পড়েছ। নিশ্চয়ই তোমাদের রব পরম করুণাময়। অতএব তোমরা আমার অনুসরণ করো এবং আমার নির্দেশ মেনে চলো।’ (সুরা ত্বহা, আয়াত: ৯০)


তবে অন্যায়ের প্রতিবাদ করার পাশাপাশি তিনি বনি ইসরাইলের ঐক্য রক্ষার বিষয়টিও গুরুত্ব দিয়েছিলেন। আধুনিক পরিভাষায় যাকে বলা যায়, সামষ্টিক সংহতি বা জাতীয় ঐক্য। তিনি মুসা (আ.)-এর ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করেছিলেন। কারণ, গো-বাছুরের উপাসনায় লিপ্ত লোকেরা স্পষ্ট জানিয়ে দিয়েছিল, ‘মুসা আমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত আমরা এর উপাসনা থেকে বিরত হব না।’ (সুরা ত্বহা, আয়াত: ৯১)


মুসা (আ.) ফিরে এসে যখন প্রচণ্ড ক্ষুব্ধ ও ব্যথিত হয়ে তার ভাই হারুন (আ.)-এর মাথা ও দাড়ি ধরে টানতে শুরু করেন, তখন হারুন (আ.) তাকে নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘হে আমার সহোদর! আমার দাড়ি ও মাথা ধরবেন না। আমি আশঙ্কা করেছিলাম, আপনি বলবেন, তুমি বনি ইসরাইলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথার প্রতি গুরুত্ব দাওনি।’ (সুরা ত্বহা, আয়াত: ৯৪)


হারুন (আ.)-এর ধারণা ছিল, মুসা (আ.) কখনোই চাইবেন না যে বনি ইসরাইলের মধ্যে বিভেদ ও বিভক্তি তৈরি হোক। এমনিতেই তাদের ঐক্য দুর্বল ছিল। এমনকি তারা যখন সামেরির তৈরি গো-বাছুরের উপাসনায় লিপ্ত হয়েছিল, তখনও তাদের মধ্যে প্রকৃত সংহতি ছিল না।


সুরা আরাফে হারুন (আ.)-এর অবস্থানের আরও একটি দিক উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, মুসা (আ.) ফিরে এসে ক্ষুব্ধ হয়ে তার সম্প্রদায়কে বলেছিলেন, ‘আমার অনুপস্থিতিতে তোমরা আমার কত নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ! তোমরা কি তোমাদের রবের নির্দেশের অপেক্ষা না করে তাড়াহুড়ো করে ফেললে?’ এরপর তিনি তার ভাইয়ের মাথা ধরে নিজের দিকে টেনে আনলেন। তখন হারুন (আ.) বললেন, ‘হে আমার সহোদর! লোকেরা আমাকে দুর্বল মনে করেছে এবং আমাকে প্রায় হত্যা করেই ফেলেছিল। অতএব আপনি আমাকে এমনভাবে অপমানিত করবেন না, যাতে শত্রুরা আনন্দিত হয়। আর আমাকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না।’ (সুরা আরাফ, আয়াত: ১৫০)


এখানে হারুন (আ.)-এর বিচক্ষণতার আরেকটি দিক স্পষ্ট হয়। তিনি বুঝতে পেরেছিলেন, সামেরির প্ররোচনায় পথভ্রষ্ট লোকদের কাছে তার কথার তেমন গুরুত্ব নেই। তাদের মোকাবিলা করার মতো শক্তিও তার হাতে ছিল না।


তিনি যদি অল্পসংখ্যক অনুসারী নিয়ে সরাসরি সংঘাতে জড়াতেন, তাহলে পথভ্রষ্ট লোকেরা তাদের হত্যা করতে পারত। এতে বড় ধরনের সংকট তৈরি হতো। বনি ইসরাইলের বিভিন্ন গোত্র ও উপগোত্রের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও ছিল। এমনকি বিষয়টি গোত্রীয় প্রতিশোধের রূপ নিতে পারত।


তাই হারুন (আ.) ধৈর্য ধারণ করে মুসা (আ.)-এর ফিরে আসার অপেক্ষা করেন। ফিরে এসে মুসা (আ.) সামেরির ফিতনার মোকাবিলা করেন। তিনি সামেরিকে মানুষের সঙ্গে মেলামেশা থেকে বিচ্ছিন্ন থাকার নির্দেশ দেন এবং ঘোষণা করেন, গো-বাছুরের মূর্তিটি পুড়িয়ে তার ছাই সমুদ্রে ছড়িয়ে দেবেন। এভাবেই হারুন (আ.) অন্যায়ের প্রতিবাদ করার পাশাপাশি বনি ইসরাইলের মধ্যে বিভেদ এড়িয়ে চলার চেষ্টা করেছিলেন। এরপর মুসা (আ.) ফিরে এসে সেই পরিস্থিতির সমাধান করেন।


পবিত্র কোরআন, বিভিন্ন বই, প্রবন্ধ ও সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা এসব ঘটনা পড়ি। আলেম-ওলামা ও দাঈদের কাছ থেকেও শুনি। কিন্তু এসব ঘটনার ভেতরে থাকা গুরুত্বপূর্ণ শিক্ষাটি অনেক সময় আমাদের নজর এড়িয়ে যায়। তা হলো, ঐক্য রক্ষা করা, বিভেদ এড়িয়ে চলা, বিভক্তির পথ বন্ধ করা এবং অন্যায়ের প্রতিবাদ করার সময় তার পরিণতি বিবেচনা করা।


বর্তমান সময়ে মুসলিম উম্মাহ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক ঐক্যের অভাবে ভুগছে। এমন পরিস্থিতিতে ঐক্যের সামান্য সুযোগও আমাদের কাজে লাগানো উচিত। কোনো অঞ্চল, শহর, মসজিদ, এমনকি একটি পরিবার বা বংশের মধ্যেও ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করা যেতে পারে।


আমাদের সমাজে যেসব ভুল ও গুনাহ সংঘটিত হয়, সেগুলো সামেরির প্ররোচনায় বনি ইসরাইলের গো-বাছুরের উপাসনার পর্যায়ে পৌঁছায়নি। অথচ অনেক সময় দেখা যায়, কিছু আলেম বা ধর্মীয় আলোচক দাওয়াতের ক্ষেত্রে প্রজ্ঞার পরিচয় দিতে ব্যর্থ হন। অথচ দাওয়াতের ক্ষেত্রে প্রজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 


পবিত্র কোরআনে উত্তম উপদেশের আগে প্রজ্ঞার কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তায়ালা বলেন, ‘আপনি আপনার রবের পথে আহ্বান করুন প্রজ্ঞা ও উত্তম উপদেশের মাধ্যমে এবং তাদের সঙ্গে বিতর্ক করুন উত্তম পন্থায়। নিশ্চয়ই আপনার রবই ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে এবং কে সৎপথে পরিচালিত হয়েছে।’ (সুরা নাহল, আয়াত: ১২৫)