রাজশাহীতে মাও ভাইকে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ঠান্ডাপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে নিজ মা ও ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেছেন।
শুক্রবার (২২ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে নগরীর উপকণ্ঠে চন্দ্রিমা থানার ২৬ নম্বর ওয়ার্ডের মেহেরচণ্ডী উত্তরপাড়া সংলগ্ন ঠান্ডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পারিবারিক কলহের একপর্যায়ে মুন্না নামের ওই যুবক ঘরের দরজা-জানালা ভেতর থেকে বন্ধ করে দেন। পরে তিনি ধারালো অস্ত্র নিয়ে তাঁর মা ও ছোট ভাই মৃদুলের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় এলোপাতাড়ি কোপে দুজনই গুরুতর আহত হন।
আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে ঘরের দরজা ভেঙে তাঁদের উদ্ধার করা হয়। রক্তাক্ত অবস্থায় দ্রুত তাঁদের রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্ত যুবকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম মাসুদ জানান অভিযুক্ত মুন্নাকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে প্রেরন করা হবে।