রাজশাহী রেলওয়ে স্টেশনে পাইপ ফেটে ছড়িয়ে পড়ল ডিজেল, তেল সংগ্রহে স্থানীয়দের ভিড়

Diesel spilled after pipe bursts at railway station
রাজশাহী প্রতিনিধি :- ২৩ আগস্ট ২০২৬ ০২:২৯ অপরাহ্ন সারা বাংলা
রাজশাহী প্রতিনিধি :- ২৩ আগস্ট ২০২৬ ০২:২৯ অপরাহ্ন
রাজশাহী রেলওয়ে স্টেশনে পাইপ ফেটে ছড়িয়ে পড়ল ডিজেল, তেল সংগ্রহে স্থানীয়দের ভিড়
রাজশাহী রেলওয়ে স্টেশনের তেল সংরক্ষণাগার থেকে বিপুল পরিমাণ ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে।

রাজশাহী রেলওয়ে স্টেশনের তেল সংরক্ষণাগার থেকে বিপুল পরিমাণ ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। শিরোইল কলোনি এলাকার বাসিন্দাদের দাবি, শনিবার(২২ আগস্ট)দুপুরে রেলের তেল সংরক্ষণাগার থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল ড্রেনে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় শতাধিক মানুষ বিভিন্ন ড্রাম ও জারকিনে তেল সংগ্রহ করেন।


রেলের কর্মকর্তাদের ভাষ্য, রেললাইনের কাজ করার সময় ড্রেজারের আঘাতে তেল পরিবহনের একটি পাইপ ফেটে যায়। এতে পাইপের ভেতরে থাকা ডিজেল বের হয়ে আশপাশের ড্রেনে ছড়িয়ে পড়ে।


ঘটনার পর স্থানীয়দের অনেককে ড্রাম, জারকিনসহ বিভিন্ন পাত্রে ডিজেল সংগ্রহ করতে দেখা যায় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।


তবে ঠিক কত পরিমাণ ডিজেল ছড়িয়ে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে রেলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও তদন্ত ও হিসাবের পর প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যেতে পারে।


বিষয়টি জানার জন্য পশ্চিম রেলের জিএম ফরিদ আহমেদ, চিপ মেকানিক্যাল অফিসার, প্রধান বিদ্যুৎ প্রকৌশলীর সাথে মোবাইল ফোনে একাধিকবার  যোগাযোগ করার চেষ্টা করা হলও মোবাইল না ধরাই এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।


তবে,সূত্রে জানা গেছে পশ্চিম রেলের সকল শিব পর্যায়ের কর্মকর্তারা ঢাকা রেল ভবনে অবস্থান করছেন। 


ঘটনার কারণে রেলের সংরক্ষিত জ্বালানি ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহের সময় অগ্নিকাণ্ডসহ দুর্ঘটনার ঝুঁকি থাকায় সতর্কতা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।