ভুবন মোহন পার্কে জুয়ার আসর, গ্রেপ্তার ১০
Gambling party at Bhuban Mohan Park, 10 arrested
রাজশাহী: রাজশাহীর ভুবন মোহন পার্কের একটি কক্ষে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ক্রাইম রেসপন্স টিম (সিআরটি)। এ সময় তাঁদের কাছ থেকে ৬৬ সেট তাস, জুয়া খেলার কাজে ব্যবহৃত ৫৯ হাজার ৫৪৫ টাকা ও ১১টি মুঠোফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২৪ আগস্ট) রাত সোয়া ২টার দিকে নগরীর ভুবন মোহন পার্কের ভেতরে সিটি করপোরেশনের দ্বিতল ভবনের একটি কক্ষে অভিযান চালানো হয়। অভিযানের সময় ওই কক্ষে বসে জুয়া খেলার অভিযোগে ১০ জনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ গ্রামের বেলাল হোসেন (৫৫), বেলদারপাড়ার মিলন সরকার (৩০), রাজারহাতা এলাকার কাজী ছোটন (৫১), বোয়ালিয়াপাড়ার বাদল (৫২), চন্দ্রিমা থানার আসাম কলোনি এলাকার খোকন (৫৪), শিরোইল কলোনির হাবিবর রহমান (৬০), আইনুল হক (৫০) ও আব্দুল আলিম (৪৫) এবং নাটোর সদর থানার চক বৈদ্যনাথ গ্রামের রানা (৩৭) ও মেহেরাজ (৩২)।
আরএমপি সূত্রে জানা গেছে, অভিযানে জুয়ার আসর থেকে উদ্ধার করা তাস, নগদ টাকা ও মুঠোফোন আলামত হিসেবে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার পর গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।